২৬ মার্চের আগেই জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া শুরু সম্ভব: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৬ মার্চের আগেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করা যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।আজ শুক্রবার সকালে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় হানিফ এ কথা বলেন।আইনমন্ত্রী শফিক আহমেদের বরাত দিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, আইনমন্ত্রী বলেছেন জামায়াতের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আইন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। আশা করা যায় ২৬ মার্চের মধ্যেই একটা পথ খুঁজে বের করা যাবে।জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করলে বিদেশি চাপ আসবে না উল্লেখ করে আওয়ামী লীগের নেতা হানিফ বলেন, পৃথিবীর কোনো সুস্থ মানুষ একাত্তরে মা-বোনদের নির্যাতন ও গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের সমর্থন করতে পারে না। তাই এসব বিষয়ে কেউ বাধা দেবে না। আহমেদ রাজীব হায়দার হত্যার পর ‘থাবা বাবা’র বিভিন্ন পোস্ট প্রকাশিত হওয়ায় এসব লেখার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন হানিফ। তিনি বলেন, গণজাগরণকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা ধর্মের ওপর আঘাত করে প্রচার করা কোনো কটূক্তিমূলক বক্তব্য সহ্য করব না।’খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ বলেন, তরুণ প্রজন্মের ওপর খালেদা জিয়ার আস্থা নেই তাই বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে ক্ষমতায় যেতে চান। সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক প্রমুখ।