২৬ মার্চের আগেই তদন্ত কর্তৃপক্ষ, ট্রাইব্যুনাল ও আইনজীবী প্যানেল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই যুদ্ধাপরাধ বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন, তদন্ত কর্তৃপক্ষ ও আইনজীবী প্যানেল নিয়োগ করা হবে। আজ বৃহস্পতিবার আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার. স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের জায়গা এখন অনেকটাই প্রস্তুত। সরকার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব বিচারের কাজটি শুরু করতে। এ জন্য স্বাধীনতা দিবসের আগেই তিন সদস্যের ট্রাইব্যুনাল, ১২ সদস্যের আইনজীবী প্যানেল ও ছয় সদস্যের তদন্ত কর্তৃপক্ষ নিয়োগ করা হবে।সূত্র জানায়, ট্রাব্যুনালের বিচারক, তদন্ত কর্তৃপক্ষ ও আইনজীবী প্যানেলের নামের খসড়া তালিকা আজকের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। তবে কৌশলগত কারণে তা প্রকাশ করা হয়নি। প্রধানমন্ত্রী চীন সফর শেষে দেশে ফিরলে তাঁর অনুমোদন নিয়ে ২৬ মার্চের আগেই তাঁদের নাম ঘোষণা করা হবে।জানা যায়, এই বিচার আন্তর্জাতিক অপরাধ আইন (ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট) অনুযায়ী হবে। এই আইনে যেসব অপরাধ মানবতাবিরোধী, সেসবের বিচারের সুযোগ রয়েছে। এই আইনে অগ্নিসংযোগ, হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের সুযোগ রয়েছে।