রাজধানীতে ২৩টি গাড়িতে অগ্নিসংযোগ ৪৮ ঘণ্টার হরতাল শুরু
২৬ মার্চের পর এক দফার আন্দোলনের নতুন কর্মসূচি
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ সোমবার শুরু হচ্ছে। সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার সকাল ছয়টা পর্যন্ত।বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পর সরকার পতনের এক দফার আন্দোলনের জন্য নতুন করে কর্মসূচি দেওয়া হবে।১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে দলের ১৫৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল দেওয়া হয়। পরদিন তিন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে পুলিশ ছেড়ে দিলেও অন্যরা কারাবন্দী থাকায় হরতাল প্রত্যাহার করেনি জোট।এদিকে হরতালের আগের দিন গতকাল রোববার রাজধানীতে ২৩টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ এ জন্য বিরোধী দলের কর্মীদের দায়ী করে ১৫ জনকে আটক করেছে।সরকার পতনের আন্দোলনের জন্য করণীয় নির্ধারণে এই হরতালকে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে খালেদা জিয়া তিনটি জনসভায় হরতাল সফল করতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দাবি আদায়ে এরপর আরও হরতাল, অবরোধ ও ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।বিএনপির একজন ভাইস চেয়ারম্যান প্রথম আলোকে বলেছেন, দুই দিনের হরতাল শেষ হওয়ার পর পরিস্থিতি বুঝে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বড় ধরনের সহিংসতার ঘটনা না ঘটলে এ সপ্তাহে আর হরতাল না দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে আগামী সপ্তাহে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার বাইরে যেতে পারেন। ওই এলাকাগুলোতে খালেদা জিয়া সমাবেশ করবেন।ওই নেতা বলেন, আগামী সপ্তাহ থেকে স্বাধীনতা দিবসের নানা কর্মসূচিতে দলকে ব্যস্ত থাকতে হবে। ওই সময়টাতে হরতালের মতো কর্মসূচি না থাকার সম্ভাবনা আছে। তবে সবকিছু নির্ভর করবে সরকারের আচরণের ওপর। এ ছাড়া খালেদা জিয়াকে প্রধান অতিথি করে ঢাকায় একটি বড় সমাবেশ করারও চিন্তা করা হচ্ছে।গতকাল দলীয় কার্যালয়ে মির্জা ফখরুল কয়েকজন সাংবাদিককে বলেন, আন্দোলন চলবে। নেতা-কর্মীদের মুক্তিসহ অন্য সব দাবিতেই এই কর্মসূচি অব্যাহত থাকবে। দলের স্থায়ী কমিটি পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করবে। হরতালের আগে গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক হয়। এতে উপস্থিত একটি দলের মহাসচিব বলেন, ১৮ দলীয় নেতারা মনে করেন, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিরোধী দলের সরকার পতন বা নির্দলীয় সরকারের দাবি আদায় হওয়ার সম্ভাবনা নেই। এ অবস্থায় রাজপথে আন্দোলন করতে হবে। সে জন্য টানা হরতাল, অবরোধ বা ঘেরাও কর্মসূচি সফল করার মতো শক্তি অর্জনের ব্যাপারে আলোচনা হয়। জোটের শরিক এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, গতকালের বৈঠকে সব দলের নেতা-কর্মীদের হরতালে সক্রিয় থাকতে বলা হয়েছে।যানবাহনে আগুন: হরতালের আতঙ্ক ছড়াতে গতকাল দুপুর থেকেই শুরু হয় যানবাহনে অগ্নিসংযোগ। রাজধানীর বিভিন্ন জায়গায় ১৫টি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। রাজধানীর পল্টন, মালিবাগ, সেগুনবাগিচা, কারওয়ান বাজার, ফার্মগেট, কল্যাণপুর ও মিরপুরে ছয়টি বাস, একটি পিকআপ ভ্যান ও একটি ট্যাক্সিক্যাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বেলা পৌনে একটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশে জাতীয় ক্রীড়া পরিষদের ফটকের কাছে একটি বাসে আগুন দেওয়া হয়। নিউ ভিশন পরিবহনের বাসটি মতিঝিল থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। ১০-১২ জন দুর্বৃত্ত ক্রিকেটের ব্যাট ও স্টাম্প দিয়ে বাসটি ভাঙচুর করে। একপর্যায়ে তারা বাসে আগুন ধরিয়ে দেয়। বাসের ভেতরের অংশ একেবারে পুড়ে গেছে। বেলা দুইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। একই সময়ে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের কাছে ৬ নম্বর রুটের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। দেড়টার দিকে মালিবাগের মৌচাক মার্কেটের সামনে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের সামনে বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেখান থেকে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।এ ছাড়া মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হলের সামনে সেফটি পরিবহনের, কল্যাণপুরে খালেক পেট্রলপাম্পের সামনে বেলা সাড়ে তিনটার দিকে ‘সংগ্রাম পরিবহন’ নামের একটি দূরপাল্লার বাসে, বিকেল পাঁচটার দিকে কারওয়ান বাজারে সিএ ভবনের সামনের রাস্তায় বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।