২৬ ম্যাজিস্ট্রেটকে হত্যার হুমকি!
ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ ২৬ জন বিচারককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে পর্যায়ক্রমে তাঁদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আদালতের নাজির মাহবুবুল আলম। মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলের দিকে একই মুঠোফোন থেকে একে একে ২৬ জন বিচারকের মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে একই খুদে বার্তা পাঠানো হয়েছে। যাঁদের মুঠোফোনে এ বার্তা পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন: চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বিকাশ কুমার সাহা, অতিরিক্ত সিএমএম মোহাম্মদ আলী হোসাইন ও শহীদুল ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী, শাহরিয়ার মাহমুদ, রেজাউল করিম, আবদুস সালাম, আশিকুর রহমান, মুস্তাফিজুর রহমান, ইসমাইল হোসেন ও তানভীর আহমেদ। জিডির বর্ণনা অনুযায়ী, মুঠোফোনের ওই খুদে বার্তায় বলা হয়েছে, ‘তোরা ইসলামের এনিমিস, তোরা ইসলামের নেতা-কর্মীদের জামিন না দিয়ে তাঁদের আটক করছস। পুলিশকে মারার পর এখন তোদেরকে তোদের পরিবারের মেম্বারদেরসহ রগ কাটব। তোদের জীবনে মারব। বি রেডি। আল্লাহু আকবর।’