২৬টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ছয় মাসের মধ্যে পুঁজিবাজারে আসছে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ছয় মাসের মধ্যে ২৬টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি এসব প্রতিষ্ঠানকে করপোরেট প্রতিষ্ঠানে রূপান্তরিত করারও নির্দেশ দিয়েছেন। তিনি আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের পুঁজিবাজারে শেয়ারের সরবরাহ বাড়ানোসংক্রান্ত এক যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও পুঁজিবাজারে এরই মধ্যে বিনিয়োগ করা ও বিনিয়োগে আগ্রহী কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা।অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের পুঁজিবাজার অতিমূল্যায়িত হয়ে যাচ্ছে। বর্তমানে পুঁজিবাজারে শেয়ারের সরবরাহ বাড়ানো জরুরি হয়ে দেখা দিয়েছে। এরই অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে বাখরাবাদ গ্যাস সিস্টেমস, পাঁচ তারকা হোটেল শেরাটন, সোনারগাঁও, এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি ও শিপিং করপোরেশন অব বাংলাদেশের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে শেয়ার ছাড়বে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন।তবে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরিসহ যেসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।