শিশু অধিকার কার্যক্রম জোরদার করতে দেশের ২৬৩টি এনজিও নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) নামে একটি জোট। কিন্তু এর মধ্যে ৭৫টি এনজিওর শিশুদের নিয়ে কোনো কার্যক্রমই নেই। এটিসহ সদস্যপদের কিছু শর্ত মানা নিয়ে শৈথিল্যের কথা স্বীকার করেছেন বিএসএএফের কর্তাব্যক্তিরাই। শিশুদের অধিকারের বিষয়টি সরকারের কাছে পৌঁছে দেওয়া এবং করণীয় নির্ধারণে সহায়ক ভূমিকা রাখার জন্য ১৯৯১ সালে গড়ে ওঠে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। ১৮টি এনজিও নিয়ে শুরু করা এ জোটের সদস্যসংখ্যা এখন ২৬৩। শর্তমতে, যেসব বেসরকারি সংস্থা শিশুদের নিয়ে কাজ করে, তাদেরই কেবল ফোরামের সদস্য হওয়ার কথা। অথচ শিশু-বিষয়ক কার্যক্রম না থাকলেও জোটটির সঙ্গে সম্পৃক্ততার পরিচয় ‘ব্যবহারের উদ্দেশ্যে’ অনেকে সদস্যপদ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে বিএসএএফের পরিচালক মোহাম্মদ কফিল উদ্দিন দাবি করেন, এমন কোনো এনজিও সদস্য ফোরামভুক্ত হয়নি, যাদের শিশুদের নিয়ে কার্যক্রম নেই। তিনি বলেন, ‘বলা যেতে পারে, বর্তমানে শিশুদের নিয়ে কার্যক্রম হয়তো অনেকেরই নেই। তবে আগে ছিল।’ ফোরামের সদস্য বেড়ে যাওয়ায় মাঝেমধ্যে সমন্বয়ের ঘাটতির কথা অবশ্য স্বীকার করেন তিনি।অন্যদিকে ফোরামের সভাপতি ওয়াহিদা বানু অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, ‘অর্থনৈতিক সুবিধা লাভের আশায় এমন অনেকে সদস্য হয়েছেন। আমাদের পর্যবেক্ষণের দুর্বলতায় তাঁরা এত দিন আমাদের সঙ্গে ছিলেন। তবে ইতিমধ্যে আমরা ৫০টি এমন এনজিওর সদস্যপদ বাতিল করেছি।’ ওয়াহিদা বানু বলেন, শুধু শিশুদের নিয়ে কাজ করা নয়, তাঁরা ফোরামের সদস্য হওয়ার শর্তের পরিধি বাড়ানোর কথা ভাবছেন। তিনি বলেন, ‘ফোরামের অন্তর্ভুক্ত ১০ শতাংশ প্রতিষ্ঠান গুরুত্ব-সহকারে শিশুদের নিয়ে কাজ করে। বাকিদের বিষয়ে বলতে পারছি না।’সভাপতি ৫০টি এনজিওর সদস্যপদ বাতিলের কথা বললেও ফোরাম সূত্র থেকে জানা গেছে, বার্ষিক চাঁদা পরিশোধ না করা এবং সক্রিয় অংশগ্রহণ না থাকা ৪১টি প্রতিষ্ঠানের তালিকা হয়েছিল। এর মধ্যে ২০টি ইতিমধ্যে বকেয়া চাঁদা পরিশোধ করেছে। বাকি ২১টি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিলের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাদ পড়ে যাওয়া প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রামের অন্বেষা, বরগুনার খলিফা ফাউন্ডেশন ও গ্রিন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হলে সম্প্রতি এরা বলেছে, আগেও তাদের শিশুদের নিয়ে কাজ ছিল না। কিন্তু তাতে সদস্যপদ পেতে সমস্যা হয়নি। তবে বাতিলের তালিকায় নেই, এমন ১৫টি এনজিওর সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুদের নিয়ে তাদেরও কোনো কাজ নেই। কুষ্টিয়ার ‘মহুয়া মহিলা উন্নয়ন সংস্থা’র কর্মকর্তা মো খায়রুল ইসলাম জানান, তাঁরা মূলত বিধবা পুনর্বাসনে সেলাই মেশিনের কাজ শেখান। ফরিদপুরের জাহানারা বেগম জানান, তাঁর প্রতিষ্ঠান কাজ করে নারীর ক্ষমতায়ন, জীবন-জীবিকার উন্নয়ন ও নির্যাতনের বিরুদ্ধে। এ কারণে সদস্যপদ বাতিলে ফোরাম পক্ষপাতমূলক আচরণ করেছে বলে বাদ পড়া এনজিওগুলোর অভিযোগ। তাঁদের দাবি, ফোরামে আরও কমপক্ষে ১০০ এনজিও আছে, যারা শিশুদের নিয়ে কাজ করে না। বাতিলের তালিকায় নেই রাজধানীর মোহাম্মদপুরে এমন এক এনজিওতে সরেজমিন গিয়ে তাদের কার্যক্রমে শিশুদের সংশ্লিষ্টতা দেখা যায়নি। তাদের মূল কাজ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে। কেবল আশ্রয় পাওয়া নারীর শিশুসন্তান থাকলে তাঁরা সেখানে থাকার অনুমতি পান। সদস্য তালিকাতে দেখা যায় মহিলা সমিতি, মহিলা উন্নয়ন, মহিলা সাহায্য শব্দগুলো ব্যবহার করে নাম রাখা কমপক্ষে ১০টি এনজিও ফোরামে রয়েছে। শিশুদের নিয়ে কাজ নেই, তার পরও এতে যোগ দেওয়ার কারণ হিসেবে তাঁরা প্রথম আলোকে বলেন, ‘মহিলাদের নিয়ে কাজ করলে সেটা শিশুদেরই কাজে লাগে। আর অর্থায়নের ব্যবস্থা হলে আমরা শিশুদের নিয়েও কাজ করতে চাই।’ নিয়মানুযায়ী, ফোরাম সদস্যদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ এবং তাদের তথ্যাদি হালনাগাদ করার কথা। কিন্তু দেখা গেছে, পদ, ফোন নম্বর, অফিসের ঠিকানা—এসব বদলের খবর ফোরামে নেই। ফোরামের নির্বাহী পরিষদের বিরুদ্ধেও সব ক্ষমতা ও সুবিধা ভোগের অভিযোগ রয়েছে অনেক সদস্যের। বেশ কয়েকটি সদস্য এনজিও বলেছে, এ নিয়ে সদস্যদের ক্ষোভ থাকায় মূল কাজ থেকে ফোরাম অনেক পিছিয়ে গেছে। এ বিষয়ে সভাপতি ওয়াহিদা বানুর মন্তব্য হলো, ‘আমাদের প্রচেষ্টার মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। যখন সদস্য হওয়ার শর্তগুলোর বিস্তৃতি বাড়বে, তখন ঠিক হয়ে যাবে।’ নির্বাহী পরিষদের ক্ষমতা বিষয়ে সদস্যদের ক্ষোভ প্রসঙ্গে পরিচালক কফিল উদ্দিন বলেন, ‘এমন কোনো অভিযোগ বা প্রমাণ আমাদের কাছে নেই।’ফোরাম সূত্রে জানা গেছে, আগামী নির্বাহী পরিষদের সভায় নিয়ম ভঙ্গকারী ২১ এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।