২৭ এপ্রিল চট্টগ্রাম বন্দর অচল করার ডাক দিল ঐক্য পরিষদ
২৭ এপ্রিল চট্টগ্রাম বন্দর অচল করার কর্মসূচি ঘোষণা করল ডক শ্রমিক ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক আলী আশ্রাফ। ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড চালুর দাবিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হলো।একই দাবিতে এর আগে মেয়র-সমর্থিত ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম বন্দরে আন্দোলন করে। তবে নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠকে বসে ফেডারেশনের নেতারা তাঁদের আন্দোলন স্থগিত করেন। ফেডারেশনের দাবির মুখে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্নিয়োগের জন্য একটি কমিটি কাজ শুরু করেছে। কমিটিতে ফেডারেশনের নেতা-কর্মীদের রাখা হলেও ঐক্য পরিষদের কাউকে রাখা হয়নি।এই পরিস্থিতিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১০টায় বন্দর ভবনের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ঐক্য পরিষদ। কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড চালু করে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান।কর্মসূচিতে বক্তব্য দেন ঐক্য পরিষদের সভাপতি আলী আশ্রাফ ও উপদেষ্টা আওয়ামী লীগ-সমর্থিত চট্টগ্রাম সিটি করপোরেশন ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী।