২৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্ক ও সোনালী ব্যাংকের ২৭ জন কর্মকর্তার বিরুদ্ধে রমনা থানায় আজ বৃহস্পতিবার ১১টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলার নম্বরগুলো ৮ থেকে ১৮ পর্যন্ত। দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীসহ কয়েকজন কর্মকর্তা বাদী হয়ে এসব মামলা করেছেন।মামলায় সোনালী ব্যাংকের ২০ জন ও হলমার্কের সাতজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন: হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার বরখাস্ত হওয়া ডিজিএম এ কে এম আজিজুর রহমান, একই শাখার বরখাস্ত হওয়া কর্মকর্তা সাইফুল হাসান প্রমুখ।মামলা দায়েরের পর হলমার্ক কেলেঙ্কারির ঘটনাটি অনুসন্ধানে গঠিত কমিটির প্রধান মীর জয়নুল আবেদীন শিবলী সাংবাদিকদের বলেন, আগামীতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের, ব্যাংকের রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান, হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রীর—প্রত্যেকের সম্পদের বিররণ চাওয়া হবে। একই সঙ্গে হলমার্কের টাকা বিদেশে পাচার হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি সোনালী ব্যাংকের ‘নন-ফান্ডেড’ দায়েরের সঙ্গে জড়িত আরও ২৬টি ব্যাংকের ৬১টি শাখার লেনদেন খতিয়ে দেখা হবে। যেহেতু এটি প্রাথমিক অনুসন্ধান, এখানে অনেক বিষয় উঠে না এলেও তদন্তে সব অনিয়ম উঠে আসবে বলে তিনি আশা করেন।গত মঙ্গলবার জমা দেওয়া প্রতিবেদনের কথা উল্লেখ করে গতকাল বুধবার দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানান, রূপসী বাংলা শাখা থেকে ‘নন-ফান্ডেড’ এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের বিষয় উঠে এসেছে প্রতিবেদনে। সেই আলোকে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ২৬টি ব্যাংকের ৬১টি শাখার সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতির মাধ্যমে টাকা নেওয়া অন্য চারটি প্রতিষ্ঠানসহ অনুসন্ধানে দোষী হিসেবে চিহ্নিত অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা করা হবে।