মিরপুর ১ নম্বরের সিটি ব্যাংক শাখার সামনে কাল সকাল সাতটায় এসে হাজির কল্যাণপুর দক্ষিণ পাইকপাড়ার তরুণ মোহাম্মদ মাসুম সিদ্দিকী। সবার আগে লাইনে দাঁড়িয়েও কাল সন্ধ্যায় তাঁর কণ্ঠে খুঁজে পাওয়া গেল টিকিট নিয়ে অনিশ্চয়তা। মাসুম সিদ্দিকীর আশপাশে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, অনিশ্চয়তা ছিল তাঁদের মধ্যেও। মহল্লার ছেলেরা নাকি বলেছে, রাতে সবাইকে লাইন থেকে সরিয়ে দেওয়া হবে!কাল একই পরিস্থিতি ছিল ঢাকায় সিটি ও অগ্রণী ব্যাংক লিমিটেডের সব টিকিট কাউন্টারের সামনেই। কোথাও ভোর থেকে, কোথাও বা দুপুর থেকে শুরু হয়ে গেছে লাইনে দাঁড়ানো। সন্ধ্যার মধ্যে প্রতিটি লাইনে হাজারো মানুষের উপস্থিতি! রাত জেগে আজকের সকালটির জন্য অপেক্ষা সবার। উদ্দেশ্য একটাই— বিশ্বকাপের টিকিট নামের সোনার হরিণ ধরা। আজ সকাল ১০টা থেকে এই টিকিট বিক্রি শুরু হবে ঢাকার ১২টিসহ সারা দেশের মোট ৮০টি বুথ থেকে। টিকিট বিক্রিতে সিটি ও অগ্রণী ব্যাংকের সঙ্গে থাকছে বিদেশি মুদ্রা লেনদেনের প্রতিষ্ঠান মানিগ্রাম।টিকিট বিক্রি নিয়ে আজ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে সব কাউন্টারে। তার পরও যদি কোথাও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, সিটি ব্যাংক সঙ্গে সঙ্গে সেখানকার কাউন্টার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে। একটি অপ্রীতিকর ঘটনা অবশ্য গতকাল রাতেই ঘটে গেছে বলে দাবি ব্যাংক সূত্রের। তিতুমীর কলেজের ছাত্ররা দখলে নিয়ে নিয়েছিলেন সিটি ব্যাংকের বনানী শাখা! অনেক জায়গায় কালোবাজারি চক্রও চেষ্টা করছে বুথ দখলের। তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামালউদ্দিন কাল রাত নয়টার দিকে সিটি ব্যাংকের বনানী শাখা দখলের খবর অস্বীকার করে বলেছেন, ‘আমি এই মাত্র ঘটনাস্থল থেকে এলাম। দখলের কোনো ঘটনা ঘটেনি। এখন যে সিরিয়াল আছে, সেটাই কাল (আজ) সকালে থাকবে। লাইনে দাঁড়ানো কাউকে সরিয়ে কেউ ঢুকতে পারবে না। দর্শকদের নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ থাকবে।’ সার্বক্ষণিক পুলিশ পাহারা ছাড়াও টিকিট বুথগুলোয় থাকছে র্যাবের নজরদারি। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল জানিয়েছেন, কোথাও বড় কোনো ঘটনা ঘটলে র্যাব তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।টিকিট কোথা থেকে বিক্রি হবে, টিকিটের দাম, টিকিট কিনতে কী কী লাগবে, সেসব তথ্য এর মধ্যেই সংবাদমাধ্যম মারফত জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো। টিকিট বুথগুলোর সামনেও ঝুলিয়ে দেওয়া হয়েছে টিকিট ক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য। প্রতিটি টিকিটের দামের সঙ্গে সার্ভিস চার্জ হিসেবে ক্রেতাকে বাড়তি দিতে হবে টিকিটের মূল্যের ৮ শতাংশ। প্রতিটি বুথের সামনে কালকেই দীর্ঘ লাইন পড়ে গেলেও গত পরশু সিটি ব্যাংক জানিয়েছিল, যে প্রক্রিয়ায় তারা টিকিট বিক্রি করবে, তাতে ৪৮০টির বেশি টিকিট বিক্রি সম্ভব নয়। সেটাই যদি হয়, অনেক দর্শককেই আজ ব্যাংকের সামনে থেকে হতাশা নিয়ে বাড়ি ফিরতে হবে।বুথপ্রতি টিকিটের সংখ্যাও দিচ্ছে সে ইঙ্গিত। ঢাকার ১২টি বুথের প্রতিটি থেকে ম্যাচপ্রতি টিকিট বিক্রি হবে মাত্র ৫০০টি করে। এই ১২ বুথ থেকে ম্যাচপ্রতি মোট টিকিট বিক্রি হবে ৬ হাজার। বাকি টিকিট বিক্রি হবে চট্টগ্রামসহ দেশের অন্য জেলাগুলোয়। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া বাকি ৬২টি জেলায় মাত্র ১০৮টি করে টিকিট বিক্রি হবে।একে তো চেয়ার বসানোয় গ্যালারির ধারণক্ষমতা কমে গেছে, তার ওপর সৌজন্য টিকিট এবং বিশেষ ব্যবস্থায় বিক্রির টিকিটসহ আট হাজারের মতো টিকিটই থাকছে সাধারণ দর্শকের ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের প্রথম চ্যালেঞ্জটা বোর্ড নিচ্ছে টিকিট বিক্রি দিয়েই।