২৭ জুন হরতাল দিলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২৭ জুন রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন। আজ বুধবার পল্টন ময়দানের মহাসমাবেশে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। গ্যাস, বিদ্যুৎ ও পানি সমস্যার সমাধান, চাঁদাবাজি, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী লাঞ্ছনা, দলীয়করণ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, টেন্ডারবাজি ও দখলবাজি বন্ধ, ভারতের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিসহ আরও বেশ কিছু দাবিতে এই হরতালের ডাক দেন খালেদা জিয়া। পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনের সদস্যদের পদত্যাগও দাবি করেন খালেদা জিয়া। এ ছাড়া সাংবাদিক হত্যা ও নির্যাতন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল বন্ধ ঘোষণার প্রতিবাদে ১৭ জুন দেশব্যাপী জেলা ও থানা পর্যায়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। খালেদা জিয়া বিকেল পৌনে ছয়টা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত বক্তব্য দেন। বেলা দুইটা থেকে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। খালেদা জিয়া আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর উপস্থিত নেতা-কর্মীরা করতালির মাধ্যমে কর্মসূচিকে স্বাগত জানান। খালেদা জিয়া তাঁর বক্তব্যে বলেন, সরকার জনগণের জন্য কিছুই করেনি। তাই জনগণ মহাজোট সরকারের সঙ্গে নেই। তিনি বলেন, এবারের কর্মসূচি সরকারের জন্য সতর্কতা সংকেত। এ কর্মসূচিতে বাধা এলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন খালেদা জিয়া। তিনি অভিযোগ করেন, আজকের মহাসমাবেশসহ প্রতিটি বিভাগীয় মহাসমাবেশে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ যাতে যোগ দিতে না পারে, সে জন্য বাধা সৃষ্টি করেছে সরকার। এর পরও প্রতিটি মহাসমাবেশে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিভাগীয় পর্যায়ে প্রতিটি মহাসমাবেশ সফল হয়েছে বলেও তিনি দাবি করেন। খালেদা তাঁর বক্তব্যের শুরুতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।মহাসমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহাবুবুর রহমান, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী, জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, আহমদ আজম খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান প্রমুখ। মহাসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার মেয়র সাদেক হোসেন।