২৭ জুনের হরতাল যুক্তিসংগত কি না তা জনগণ বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে বলেছেন, ‘২৭ জুন ওনারা হরতাল ডেকেছেন, এটা যুক্তিসংগত কি না তা বাংলার মানুষই বিচার করবে। একটি ষড়যন্ত্রকারী দল, ষড়যন্ত্রকারী মানুষ, একটি গ্রুপ—তারা সব সময় চাচ্ছে এই দেশটাতে কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। সেটা কিছুতেই আমরা হতে দেব না।’আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এরপর মন্ত্রী দুপুর ১২টার দিকে গোপালগঞ্জে জেলা কারাগারের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কারাগার ও কারা সংশ্লিষ্ট সবার সমস্যা সমাধানে বদ্ধপরিকর। সরকার কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য শত ভাগ রেশন নিশ্চিত করেছে। প্রথম থেকে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী সবাই এ সুবিধার আওতায় আসবে। মন্ত্রী আরও জানান, কারাগারের যানবাহন সমস্যা সমাধানের জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের ১৮১টি যানবাহন ক্রয় করেছে। এর আগে সকাল নয়টার দিকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান।