২৭ জুলাই পবিত্র শবে বরাত
২৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে বলা হয়, আজ ২৯ রজব, ১২ জুলাই সোমবার বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। তাই কাল ১৩ জুলাই মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৪ জুলাই বুধবার থেকে শাবান মাসের গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে ২৭ জুলাই ১৪ শাবান মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফরহাদ হোসেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন, ঢাকার মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ এ কে এম ইয়াকুব হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।