২৭ জেলার ১৫ লাখ একর বনভূমিকে ‘সংরক্ষিত এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২৭ জেলার প্রায় ১৫ লাখ একর বনভূমিকে ‘সংরক্ষিত বন এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব এলাকা সংরক্ষিত হিসেবে ঘোষিত না হওয়ায় বন বিভাগের জমির নামজারি, রেকর্ড সংশোধনসহ সব কাজ বর্তমানে বন্ধ রয়েছে। এ কারণে বন বিভাগের প্রচুর জমি বেহাত হয়ে ব্যক্তিমালিকানায় রেকর্ডভুক্ত হয়ে যাওয়ারও ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ৮৩ বছর আগে আইন করে বন বিভাগের এসব এলাকাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করার কথা থাকলেও তা করা হয়নি। ফলে বন বিভাগের জমি অবৈধভাবে ব্যক্তিমালিকানায় চলে যাচ্ছে। আবার ভূমি মন্ত্রণালয়ের অনেক মৌজা আছে, যা বন বিভাগের অধীনে চলে গেছে। এ জন্য জেলা প্রশাসকদের ১৯২৭ সালের বন আইনের ২০ ধারার বিধানমতে দ্রুত গেজেট নোটিফিকেশন জারির নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্র জানায়, গত কয়েক বছরে গাজীপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকার বন বিভাগের খাসজমি বেদখল হয়ে গেছে। এর মধ্যে গাজীপুরে বন বিভাগের ১৩ হাজার একর জমি বেহাত হওয়ার তথ্য পেয়েছে বন মন্ত্রণালয়। এতে সরকারের সাত হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। যারা এসব খাসজমি অবৈধ দখল করেছে, তাদের বিরুদ্ধে মামলা করাসহ জমি ফিরে পেতে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, সংরক্ষিত এলাকা ঘোষণা না করায় বন বিভাগের সব জমি বেহাত হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, গাজীপুরে বন বিভাগের ৪ দশমিক ৫৩ একর জমি একটি গ্রুপ দখল করেছে। এ ছাড়া বন বিভাগের জমি আর কাদের দখলে রয়েছে, আমরা তা জানতে প্রধান বন সংরক্ষকের কাছে তালিকা চেয়েছি।’কীভাবে এ জমি উদ্ধার করা হবে জানতে চাইলে সচিব বলেন, কিছু কিছু ক্ষেত্রে মামলা করে জমি ফিরিয়ে আনতে হবে। কেউ কেউ জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নিয়েছে। তাদের কাছ থেকে জমি ফিরিয়ে আনার প্রক্রিয়া হবে অন্য রকম।১৯৫০ সালের ভূমি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ২০ ধারা অনুযায়ী, এরূপ বনভূমি ‘নন-রিটেইনেবল’ সম্পত্তি হিসেবে কোনো ব্যক্তি তার মালিক হতে পারেন না। সাবেক বনসচিব শোয়েব আহমেদ ভূমি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিলেন। তিনি জানান, সরকারের বৃহত্তর স্বার্থে এবং বিপুল পরিমাণ বনজ সম্পদ রক্ষায় গেজেটভুক্ত সিএস দাগের বনভূমি আরএস রেকর্ড অনুযায়ী ১৯২৭ সালের ২০ ধারার বিধানমতে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা না করা পর্যন্ত গেজেটভুক্ত সিএস দাগের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। পরে ২০০৬ সালের ২৩ মে মাসের পর থেকে বন বিভাগ এলাকার নামজারি ও রেকর্ড সংশোধন বন্ধ রাখা হয়েছে।বর্তমানে বিভিন্ন বন বিভাগের আওতায় প্রচুর জমি বন আইনের ৪ ও ৬ ধারার বিধান অনুযায়ী, গেজেটভুক্ত হওয়ার পর ২০ ধারায় সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষিত হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রক্রিয়ায় গেজেটভুক্ত সিএস দাগের বিপরীতে তৈরি করা আরএস দাগের পর্চা সংগ্রহ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায়, গেজেটভুক্ত সিএস দাগের বিপুল পরিমাণ ভূমি আরএস রেকর্ডে বন বিভাগের নামে রেকর্ডভুক্ত না হয়ে ব্যক্তিমালিকানায় রেকর্ডভুক্ত হয়ে গেছে এবং সে সুবাদে যাদের নামে বনভূমি আরএস রেকর্ডভুক্ত হয়েছে, তারা ওই ভূমি ক্রয়-বিক্রয়, হস্তান্তর নামজারি, রেকর্ড সংশোধন, জবরদখল ইত্যাদি কাজ করছে।সরকারের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে সংরক্ষিত বন এলাকা ঘোষণার জন্য কাজ শুরু করেছি। প্রথমে প্রাথমিক বিজ্ঞপ্তি দেব। তারপর কারও যদি আপত্তি থাকে, তবে রায়ের চার মাসের মধ্যে কমিশনারের কাছে আপিল করতে পারবে।’ ২৭ জেলা হচ্ছে: ঢাকা, গাজীপুর, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।