২৭ ডিসেম্বর থেকে যান চলবে বনানী উড়ালসেতুতে
বিমানবন্দর সড়কের বনানী রেলক্রসিংয়ে নবনির্মিত দেশের দীর্ঘতম উড়ালসেতুটি ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। খবর বাসসের। আজ বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের উড়ালসেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। বনানী উড়ালসেতুকে সাম্প্রতিককালে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে মন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়ের ছয় মাস আগেই উড়ালসেতুটির নির্মাণকাজ শেষ হতে যাচ্ছে। তিনি বলেন, বনানী রেলক্রসিং দিয়ে দিন-রাতে ৭২টি ট্রেন আসা-যাওয়া করে। প্রতিটি অতিক্রমেই নির্দিষ্ট সময়ের জন্য রেলগেট বন্ধ রাখতে হয়। এতে সৃষ্টি হয় যানজটের। উড়ালসেতু নির্মাণের ফলে যানজট কমার পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের সময়ের অপচয়ও রোধ হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মিরপুর-এয়ারপোর্ট রোডের উড়ালসড়কের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। উড়ালসড়ক এবং সংযোগ-সেতুর কাজ আগামী মার্চে শেষ হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ২৭ ডিসেম্বর উড়ালসেতুটি যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করবেন।বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইসিবি প্রায় ১০০ তিন কোটি টাকা ব্যয়ে ৮০০ মিটার দীর্ঘ উড়ালসেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করে। পরিদর্শনকালে সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ, প্রকল্পের পরামর্শক আজাদুল ইসলামসহ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।