লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ের মিলনায়তনের সামনে দাঁড়িয়ে ১২ জন মহড়া করছেন। তাঁরা এসেছেন বিভিন্ন দেশ থেকে। কিন্তু তাঁরা সবাই গাইছেন বাংলা গান। সঙ্গে কোনো বাদ্যযন্ত্র নেই। এই শিল্পীদের মাঝে আছেন জাগরি রেনেটা ডেসালিন। ঢাকায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ছিলেন তিনি। জানালেন, দুই দিন আগেই ঢাকায় এসেছেন। গান্ধর্বলোক অর্কেস্ট্রার সদস্য তিনি। ১০ ও ১১ ফেব্রুয়ারি ঢাকায় গান্ধর্বলোক অর্কেস্ট্রার দুটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানেরই চূড়ান্ত মহড়া চলছে এখানে। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ব্র্যাকের ৪০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে এই কনসার্ট। আর ১১ ফেব্রুয়ারি হবে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। এই দুটি অনুষ্ঠানে অংশ নিতে ২৭টি দেশ থেকে ৮০ জন শিল্পী এরই মধ্যে ঢাকায় এসেছেন। তাঁদের মধ্যে রয়েছেন: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, ইতালি, কানাডা, নিউজিল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, নরওয়ে, নেদারল্যান্ড, চেক রিপাবলিক, পর্তুগাল, সিঙ্গাপুর, পোল্যান্ড, আইসল্যান্ড, হাঙ্গেরি, ইউক্রেন, স্লোভাকিয়া, বেলারুশ, ভ্রাতিস্লাদা, পোল্যান্ড ও আয়ারল্যান্ডের শিল্পীরা। এই দলের ব্যবস্থাপক কানাডার বিলুপ্তি ক্রিস্টিনা ব্যারিনাউ জানান, এই দুটি অনুষ্ঠানেই তাঁরা শ্রী চিন্ময়ের গান করবেন। থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানও। এই বছরটি তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ বছর তাঁদের আধ্যাত্মিক গুরু শ্রী চিন্ময়ের ৮০তম জন্মবর্ষ উদ্যাপন করছেন। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ। এই পুরো ব্যাপারটি ভাবনায় রেখে তাঁরা অনুষ্ঠান দুটি সাজিয়েছেন। ঘড়িতে তখন সন্ধ্যা সোয়া ছয়টা। ততক্ষণে গান্ধর্বলোকের সব সদস্য সেখানে পৌঁছে গেছেন। আরও এসেছেন রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারার ১৩০ জন শিল্পী এবং ব্র্যাকের সারা দেশ থেকে আসা ২০ জন শিল্পী। গান্ধর্বলোক অর্কেস্ট্রা দলে রয়েছেন ২০ জন বাদ্যযন্ত্রশিল্পী। মহড়ায় তাঁরা ব্যবহার করছেন কিবোর্ড, সেক্সোফোন, ওয়েস্টার্ন বাঁশি, বেহালা, বিয়েলো, সেলো, গ্লোকেনস্পিল, তিন ধরনের গিটার, রিদম প্যাড, ক্ল্যারিওনেট, ট্রমবোন, ট্রম্পেট। বিকেলে এসেই সবাই নিজেদের বাদ্যযন্ত্র তৈরি করে বসে আছেন। সন্ধ্যায় এলেন দেশীয় বাদ্যযন্ত্রশিল্পীরা। জানা গেল, এই দলে আছেন ১০ জন শিল্পী। তাঁরা বাজাচ্ছেন তবলা, সেতার, সরোদ, বাঁশি, বেহালাসহ আরও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। সংগীত আয়োজনের সঙ্গে জড়িত হূদয়ানন্দ আন্দ্রেস র্যামন জানালেন, ব্র্যাকের বর্ষপূর্তি অনুষ্ঠানে তাঁরা দুই ঘণ্টা গান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে থাকবে শ্রী চিন্ময়ের ৩০টি ও রবীন্দ্রনাথের কয়েকটি গান। তবে পরদিন রবীন্দ্রসরোবরের অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতের সংখ্যাটা বেশি হবে। রবীন্দ্রসংগীত থেকে তাঁরা আটটি গান চূড়ান্ত করেছেন—‘আমার মাথা নত করে’, ‘ভেঙেছ দুয়ার’, ‘মন মোর মেঘের’, ‘অন্ধকারের উৎস হতে’, ‘আলোকের এই ঝর্নাধারায়’, ‘আনন্দলোকে মঙ্গলালোকে’, ‘সার্থক জনম আমার’, ‘আকাশভরা সূর্য-তারা’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০০৯ সালে ‘প্রাণের গান’ প্রথম কনসার্ট করে গান্ধর্বলোক অর্কেস্ট্রা ও সুরের ধারা। এরপর গত বছর ডিসেম্বর মাসে তারা বাংলাদেশে সুরের ধারা আয়োজিত রবীন্দ্র উৎসবে গান করে।