২৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে এক ঘণ্টার ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে সাংবাদিক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।কর্মসূচিতে আছে ২৭ ফেব্রুয়ারি সব সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যম দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত প্রতীকী ধর্মঘট ও কালো ব্যাচ ধারণ। ১ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব চত্বরে গণ-অনশন কর্মসূচি। একযোগে সারা দেশে এ কর্মসূচি পালিত হবে। এর মধ্যেও তিন দফা দাবি বাস্তবায়ন করা না হলে ১ মার্চের গণ-অনশন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতা ও সদস্যরা এ সমাবেশে অংশ নেন।বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে এ সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। তিনি সাগর-রুনিসহ গত এক যুগে সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ ও স্বাধীন সাংবাদিকতার বাধা দূর করার তিন দফা দাবি জানিয়ে বেলা সোয়া একটার দিকে কর্মসূচি ঘোষণা করেন।ইকবাল সোবহান চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, সাগর-রুনি হত্যার ১০ দিন পার হয়ে গেলেও হত্যাকারীদের খুঁজে বের করা যায়নি। পুলিশ একেক সময় একেক ধরনের তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তদন্তের অগ্রগতি সন্তোষজনক নয় বলেও মত দেন তিনি। ইকবাল সোবহান চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সংস্থাগুলোকে আর ধূম্রজাল সৃষ্টি না করে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, খুনি গণমাধ্যমের কেউ হলে তাঁকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে গণমাধ্যমের কেউ যুক্ত থাকলে তিনি সাংবাদিক নন, খুনি। তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসন থেকে একেক সময় একেক তথ্য দিয়ে নানা ধরনের অগ্রগতির কথা বলে বিলম্ব করা হচ্ছে। এতে আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে বলছি, একজন সাংবাদিক হত্যারও বিচার হয়নি। এর চেয়ে দুঃখের বিষয় কী হতে পারে?’ এই দম্পতির একমাত্র শিশুসন্তান মেঘের দায়িত্ব নেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে প্রশ্ন করেন, ‘কেন সে এতিম হলো? হত্যাকারীদের বের করুন।’সাংবাদিক সমাবেশে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, আরেক অংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, আরেক অংশের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান বক্তব্য দেন। তাঁরা বলেন, ‘আমাদের সবার দাবি একটাই। আমরা খুনিদের চেহারা দেখতে চাই।’ অসুস্থ অবস্থায়ও প্রবীণ সাংবাদিক নির্মল সেন এ সমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হুইল চেয়ারে করে সেখানে উপস্থিত হন। তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। নির্মল সেন বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।’ ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন আরেক প্রবীণ সাংবাদিক এবিএম মূসা মুঠোফোনের মাধ্যমে এ সমাবেশের সঙ্গে একাত্মতা পোষণ করেন।সোয়া একটায় সমাবেশ শেষে সাংবাদিকেরা প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্টের সামনের কদম ফোয়ারা দিয়ে তোপখানা রোড হয়ে পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা তদন্ত করে দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে আজ সাংবাদিক সমাবেশের ডাক দেওয়া হয়। জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিকদের দুটি ইউনিয়নের চার অংশের নেতারা যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।১০ ফেব্রুয়ারি রাতে কোনো একসময় রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন সকালে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। তখন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিলেন। সেই ৪৮ ঘণ্টা পার হলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছিলেন, তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। আর বেঁধে দেওয়া সময়ে তদন্ত শেষ করা সব সময় সম্ভব হয় না।