২৭ মার্চ চট্টগ্রামে প্রথম বিভাগীয় সমাবেশ করবেন খালেদা জিয়া
সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতির অংশ হিসেবে ২৭ মার্চ চট্টগ্রামে জনসভা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে জনসংযোগ শুরু করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পর্যায়ক্রমে অন্য পাঁচ বিভাগেও জনসভা করবেন তিনি। দলের সাংগঠনিক ভিত মজবুত করতে মার্চ ও এপ্রিল মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিরোধী দল। ১৮টি গ্রুপে কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায়ও সফর করবেন। বিভাগীয় পর্যায়ে জনসভার পর ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি রয়েছে বিএনপির। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলের চট্টগ্রাম বিভাগের নেতারা বৈঠক করেন। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য ও সভার সভাপতি খন্দকার মোশাররফ হোসেন চট্টগ্রামে জনসভার কথা সাংবাদিকদের জানান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, রিজভী আহমেদ, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গোলাম আকবর খন্দকার, শাহাদাত হোসেন, আসলাম চৌধুরী প্রমুখ।খন্দকার মোশাররফ বলেন, ২৭ মার্চ চট্টগ্রামের মহাসমাবেশকে কেন্দ্র করে এ প্রস্তুতি সভা। খালেদা জিয়া ওই সভায় জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। মহাসমাবেশের স্লোগান হচ্ছে, ‘চল চল চট্টগ্রাম চল।’প্রথম জনসভাস্থল হিসেবে চট্টগ্রামকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মোশাররফ বলেন, ‘একাত্তরের এ মার্চ মাসেই আমাদের নেতা জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বিরাজ করছে। চট্টগ্রাম বন্দর অন্য দেশকে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এসব বিবেচেনায় চট্টগ্রাম থেকে বিভাগীয় জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’মোশাররফ বলেন, চট্টগ্রামের পর অন্য পাঁচটি বিভাগেও জনসভা হবে। তবে সেসব জনসভার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের ওই জনসভার প্রস্তুতির বিষয়ে শনিবার চট্টগ্রামে বৈঠক হবে বলে মোশাররফ জানান। চট্টগ্রামে বিএনপির কোন্দল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপিতে কোনো কোন্দল নেই, নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। আজকের এই বৈঠকে চট্টগ্রামের সব নেতা উপস্থিত ছিলেন। এ থেকে প্রমাণ হয় চট্টগ্রামে কোনো কোন্দল নেই।"