২৭ মার্চ চট্টগ্রামে বিএনপির প্রথম বিভাগীয় সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৭ মার্চ চট্টগ্রামে জনসভা করবে বিএনপি। এর মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে জনসংযোগ শুরু করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পর্যায়ক্রমে অন্য বিভাগীয় শহরে জনসভা করবেন তিনি। দলের সাংগঠনিক ভিত মজবুত করতে মার্চ ও এপ্রিল মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিরোধী দল। ১৮টি দলে ভাগ হয়ে কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায় সফর করবেন। বিভাগীয় পর্যায়ে জনসভার পর ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি রয়েছে দলটির। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলের চট্টগ্রাম বিভাগের নেতারা বৈঠক করেন। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য ও সভার সভাপতি খন্দকার মোশাররফ হোসেন চট্টগ্রামে জনসভার কথা সাংবাদিকদের জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, রিজভী আহমেদ, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গোলাম আকবর খন্দকার, শাহাদাত হোসেন, আসলাম চৌধুরী প্রমুখ।মোশাররফ বলেন, ২৭ মার্চ চট্টগ্রামের মহাসমাবেশকে কেন্দ্র করে এই প্রস্তুতি সভা। খালেদা জিয়া ওই সভায় জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এই সভা হবে। মহাসমাবেশের স্লোগান হচ্ছে ‘চলো চলো চট্টগ্রাম চলো’। প্রথম জনসভাস্থল হিসেবে চট্টগ্রামকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মোশাররফ বলেন, ‘একাত্তরের এই মার্চ মাসেই আমাদের নেতা জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বিরাজ করছে। চট্টগ্রাম বন্দর অন্য দেশকে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এসব বিবেচনায় চট্টগ্রাম থেকে বিভাগীয় জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ খন্দকার মোশাররফ বলেন, চট্টগ্রামের পর অন্য সব বিভাগেও জনসভা হবে। তবে সেসব জনসভার দিন-ক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের ওই জনসভার প্রস্তুতির বিষয়ে শনিবার চট্টগ্রামে বৈঠক হবে বলে জানান মোশাররফ। চট্টগ্রামে বিএনপির কোন্দল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোশাররফ বলেন, ‘বিএনপিতে কোনো কোন্দল নেই, নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আজকের (গতকাল) এই বৈঠকে চট্টগ্রামের সব নেতা উপস্থিত ছিলেন। এ থেকে প্রমাণ হয়, চট্টগ্রামে কোনো কোন্দল নেই।’