রংপুরকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে ২৭ মে রংপুর বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জাতীয় পার্টি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।দলীয় সূত্র জানায়, সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলীয় কর্মিসভায় রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করতে সরকারকে ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। না হলে হরতাল হুমকি দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের দাবি পূরণ না হওয়ায় এ হরতালে ডাক দেওয়া হয়েছে।এদিকে হরতালকে সফল করতে কাল বৃহস্পতিবার বিভাগের আট জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরের জেলা সদর ও উপজেলায় বিক্ষোভ করা হবে। এ ছাড়া শুক্রবার পথসভা ও প্রচারপত্র বিলি করা হবে।এদিকে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতি শহরের বিভিন্ন মোড়ে মোড়ে একাধিক পথসভা করেছে। এসব সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি এস এম ইয়াসির প্রমুখ।এ ছাড়া হরতালকে সফল করতে দলের পক্ষ থেকে শহরে মাইকে প্রচার চালানো হচ্ছে।অন্যদিকে আজ বিকেলে জেলা কার্যালয়ে জাতীয় পার্টির সাবেক সাংসদ ও উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।জেলা জাতীয় পার্টির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, রংপুরকে বিভাগ ঘোষণা করার পর এক বছর কেটে গেছে। কিন্তু এখনো সিটি করপোরেশন করা হয়নি। শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এ মাসের মধ্যে সিটি করপোরেশন ঘোষণা করা না হলে বিভাগের আট জেলা অচল করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হবে।