২৭ মের মহাসমাবেশ স্থগিত করেছেন আমিনী
মুফতি ফজলুল হক আমিনী ২৭ মে মুক্তাঙ্গনে ডাকা ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহাসমাবেশ স্থগিত করেছেন। এর পরিবর্তে তিনি ২৬ জুন জাতীয় প্রেসক্লাবে সমাবেশ ডেকেছেন। আজ মঙ্গলবার দুপুরে লালবাগে জামিয়া আরাবিয়া মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।এর আগে আমিনী যেকোনো মূল্যে মুক্তাঙ্গনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি মহাসমাবেশে বাধা দিলে ২৯ মে হরতাল কর্মসূচি দেওয়ার ঘোষণা করেছিলেন।আগের অবস্থান থেকে পিছু হটে আজ আমিনী বলেন, ‘আমরা মাঠে নামলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। এখন আমরা কোনো সংঘর্ষে যেতে চাই না।’ সরকারের নারী উন্নয়ন নীতি ও শিক্ষানীতি বাতিলের প্রতিবাদে ওই মহাসমাবেশ ডাকা হয়েছিল। সংবাদ সম্মেলনে সংগঠনের নায়েবে আমির আবদুল লতিফ নেজামী, মুজিবুর রহমান পেশওয়ারী, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়জুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।