শরিক-সমমনারা থাকবে, আন্দোলনের কর্মসূচি দেবেন খালেদা জিয়া
২৭ সেপ্টেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ
২৭ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। আজ-কালের মধ্যে সমাবেশের এই তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে দলটি। সমাবেশ থেকে দলীয় প্রধান খালেদা জিয়া আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।সমাবেশে চারদলীয় জোটের শরিক ও সমমনা দলের নেতা-কর্মীদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। বিএনপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের গড়া দলকেও আমন্ত্রণ জানানো হবে। এসব দলের শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দিতে পারেন। সমাবেশ থেকে বিএনপির ঘোষিত কর্মসূচিও পালন করবে দলগুলো।বিএনপি সূত্র জানায়, সমাবেশ বলা হলেও ব্যাপক জনসমাগমের মাধ্যমে একে মহাসমাবেশে রূপ দেওয়ার পরিকল্পনা আছে দলটির। এটা হবে একধরনের ‘রাজনৈতিক শোডাউন’।দলের সূত্রগুলো বলছে, সমাবেশ থেকে চলতি বছরের বাকি কয় মাসজুড়ে রোডমার্চ, লংমার্চ, সমাবেশ, বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি আসতে পারে। তবে এসব কর্মসূচিতে বাধা দেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ ছাড়া দলীয় চেয়ারপারসনের দেশব্যাপী সফরেরও ঘোষণা থাকতে পারে সমাবেশ থেকে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া ও যোগাযোগব্যবস্থার অবনতির প্রতিবাদে বিএনপি এই কর্মসূচি পালন করবে। সম্প্রতি খালেদা জিয়া দলীয় নেতা, জোটের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সমাবেশের জন্য পল্টন ময়দান চেয়ে ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করা হয়েছে। তবে গতকাল শনিবার পর্যন্ত পরিষদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দলের একটি সূত্র জানিয়েছে, পল্টন ময়দান পাওয়া না গেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। সমাবেশ করার ব্যাপারে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।বিএনপি এই সমাবেশ সফল করতে গতকাল দলীয় কার্যালয়ে দুটি সভা করেছে। সকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের সভাপতিত্বে দলের কেন্দীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা হয়। সভায় মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায়। আপাতত রোডমার্চ, লংমার্চ, বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশের মধ্যে কর্মসূচি সীমিত রাখা হবে। তবে এসব কর্মসূচিতে বাধা দেওয়া হলে ঢাকা অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে। বিশেষ করে অবরোধের মাধ্যমে ঢাকাকে অচল করে দেওয়ার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সভায় বিএনপির নেতারা দলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ, দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ও বক্তব্য দেওয়ার বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় নেতারা মহাসচিবের কাছে ক্ষোভ প্রকাশ করেন।সূত্র জানায়, সভায় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দলের আইনজীবীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আইনজীবীরা নিজেদের মধ্যে হাতাহাতি-মারামারি করছেন। কিন্তু তাঁরা এম ইউ আহমদের মতো আইনজীবীর মৃত্যুর পর কোনো প্রতিরোধ গড়তে পারেননি। এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম বলেছেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে নানা অভিযোগ উঠছে। তাঁদের অনেকেই দলের শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দিচ্ছেন। এ ব্যাপারে দলকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি।স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান বলেন, বিএনপির আন্দোলন হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে। অন্যান্য দাবি সামনে আনার চেয়ে এই দাবিতে অটুট থাকা দরকার।বিকেলে দলীয় কার্যালয়ে আরেকটি যৌথ সভা হয়। এতে ঢাকা ও আশপাশের জেলার নেতারা উপস্থিত ছিলেন। ২৭ তারিখের সমাবেশে ব্যাপক লোকসমাগম নিশ্চিত করতে বৈঠকে দলীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়।এদিকে গতকাল রাতে ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বৈঠক করেছেন। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানায়।