২৭তম বিসিএসে প্রথমবার উত্তীর্ণদের নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের রায়ের ভিত্তিতে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে সংস্থাপন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার বৈঠকে কমিটি এ সুপারিশ করে।বৈঠকে ২৭তম বিসিএসের প্রথম পরীক্ষায় দুর্নীতি ও অন্যান্য অনিয়মের অভিযোগ পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে গঠিত উপকমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং সুপরিশগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।এ ছাড়া মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের বয়স দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি হওয়ায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। বিলম্বের কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শূন্য পদের সংখ্যা উল্লেখপূর্বক একটি প্রতিবেদন আগামী দুই মাসের মধ্যে কমিটির কাছে পেশ করার সুপারিশ করা হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধা নয়—এমন কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়স দুই বছর বৃদ্ধি এবং পদোন্নতি না পাওয়া কর্মকর্তাদের আবেদনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ মো. আবদুস শহীদ, এইচ এন আশিকুর রহমান, এ বি এম গোলাম মোস্তফা, আবু তালহা, এম এ মান্নান ও জাহানারা বৈঠকে উপস্থিত ছিলেন।চাকরির দাবিতে ২৭তম বিসিএসের নিয়োগ বঞ্চিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। একপর্যায়ে গত বছরের ১৬ ফেব্রুয়ারি বর্তমান সরকারের দুজন মন্ত্রী তাঁদের চাকরিতে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৩ এপ্রিল তাঁদের নিয়োগের সুপারিশ করা হয়। আদালতও তাঁদের চাকরি দেওয়ার নির্দেশনা দেন। কাজেই আর দেরি না করে অবিলম্বে তাঁদের চাকরি দেওয়া উচিত বলে সংসদীয় কমিটি মনে করে।