২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৬৫২ জনকে নিয়োগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত ২৭তম বিসিএসের দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় বাদ পড়া ৬৫২ জনকে তিন মাসের মধ্যে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি প্রথম ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ এই ৬৫২ জনকে নিয়োগ না দেওয়াকে অবৈধ ঘোষণা করেছেন আদালত।গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়া সমীরণ, সাজিদ বাবুলসহ ৬৫২ জনের করা পৃথক চারটি রিটের ওপর এ রায় দেন। এই রায়ের ফলে ৬৫২ জনের নিয়োগের ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলে রিট আবেদনকারী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন।এর আগে গত বছরের ১১ নভেম্বর একই আদালত পৃথক রিটের পরিপ্রেক্ষিতে ১৯৭ জনকে তিন মাসের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এ নিয়ে আড়াই মাসের ব্যবধানে দুই দফায় উচ্চ আদালতের রায়ে বাদ পড়া ৮৪৯ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হলো।বাদ পড়া ১৯৭ জনের বিষয়ে রায়ের পর গত বছর নভেম্বরে বাদ পড়া ৬৫২ জনের পক্ষে পৃথক চারটি রিট করা হয়। ওই মাসেই আদালত রুল জারি করেন। এই রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।আদালতে পৃথক রিটে ৭১ জনের পক্ষে আবদুল মতিন খসরু ও ৪৫৭ জনের পক্ষে সালাহ উদ্দিন দোলন মামলা পরিচালনা করেন। দুটি রিটে ১২৪ জনের পক্ষে আইনজীবী ছিলেন মাহবুব শফিক। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আক্রাম হোসেন চৌধুরী এবং পিএসসির পক্ষে ছিলেন মো. আসাদুল্লাহ।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর পক্ষ থেকে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী গত বছরের ১৮ ফেব্রুয়ারি শহীদ মিনারে অনশনরত এসব প্রার্থীকে চাকরিতে বহাল করার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রার্থীকে চাকরিতে বহাল করতে সংস্থাপন মন্ত্রণালয়ে নির্দেশনা দিলে তা সংসদীয় কমিটিতে পাঠানো হয়। সংসদীয় কমিটিও তাঁদের চাকরিতে বহালের পক্ষে সুপারিশ করে।এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আক্রাম হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে আবেদনকারীদের নিয়োগ দিতে বলা হয়েছে। বিষয়টি সরকারকে অবহিত করা হবে। আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।সরকারি কর্মকমিশনের (পিএসসি) আইনজীবী মো. আসাদুল্লাহ প্রথম আলোকে বলেন, এ সংক্রান্ত অপর একটি মামলা আপিল বিভাগে বিচারাধীন। তাই আপিল হওয়া উচিত।জানা যায়, ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএস পরীক্ষায় তিন হাজার ৫৬৭ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। এঁদের স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়েছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকার আমলে শুধু মৌখিক পরীক্ষা বাতিল করে পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে পিএসসির কোনো সুপারিশ ছিল না। ২০০৭ সালের ৩০ মে দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষার ফলাফলে এক হাজার ১৩৭ জন বাদ পড়েন। এঁদের সবাইকে প্রথমবার চাকরির জন্য পিএসসি সুপারিশ করেছিল। কিন্তু তাঁরা চাকরি পাননি, বরং দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় তাঁরা বাদ পড়েন। এর বৈধতা চ্যালেঞ্জ করে দুই দফায় ৮৪৯ জন হাইকোর্টে পৃথক রিট করেন। ৪৫২ জনের এই রিটের ওপর রায় দেওয়া হয়।