ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের আশপাশের বিভিন্ন অলিগলি থেকে ২৮টি কোম্পানির সুপেয় পানি পরীক্ষা করে তিনটি কোম্পানিকে বৈধতা দিয়েছে। কোম্পানি তিনটি হলো—আলপাইন ড্রিংকিং ওয়াটার, থিংকওয়া ড্রিকিং ওয়াটার ও গ্রেটওয়াল বাংলাদেশ লিমিটেড।আর অন্য ২৫টি কোম্পানির পানিতে ক্ষতিকর উপাদান ও লাইলেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে ছয় লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে আদালত ওই এলাকায় অভিযান চালিয়ে ২৮টি কোম্পানির পানিভর্তি জারসহ ৪৫টি গাড়ি আটক করেন। পরে পানযোগ্য না হওয়ায় ওই ২৫টি কোম্পানির চার শতাধিক জার ফুটো করে পানি ফেলে দেওয়া হয়। আদালত সূত্রে জানায়, গাড়িবোঝাই পানির জারগুলো সাধারণত বিভিন্ন অলিগলির হোটেল-রেস্তোরাঁ ও চায়ের দোকানে সুপেয় পানি হিসেবে সরবরাহ করা হয়ে থাকে। ভ্রাম্যমাণ আদালত আটক পানি নটরডেম কলেজের সামনে রেখে পানির গুণাগুণ, কোম্পানির লাইসেন্স, স্টিকার আছে কি না, তা পরীক্ষা করে দেখেন। বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন। এ সময় র্যাব-৩, মহানগর দাঙ্গা পুলিশের একটি দল ও বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।