২৮ জনের মধ্যে ১৬ জন শিক্ষকই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সময় হাজার-বারো শ ছাত্রীর উপস্থিতিতে গমগম করত জেলার মেয়েদের একমাত্র মহাবিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা মহাবিদ্যালয়। কিন্তু গত ১০ বছরে ছাত্রীসংখ্যা কমে ১৫০-এ এসে ঠেকেছে। এ রকম হতাশাজনক অবস্থা শিক্ষকসংখ্যার বেলায়ও। এখন কলেজ ক্যাম্পাস খাঁ খাঁ করে বললেই চলে। ঠিকমতো ক্লাস হয় না। ফলাফলও সন্তোষজনক নয়। মহাবিদ্যালয়টির অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, শিক্ষকের ২৮টি পদের মধ্যে ১৬টিই শূন্য। এর মধ্যে বাণিজ্য, রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিদ্যা, গার্হস্থ্য বিজ্ঞান ও কম্পিউটার বিভাগে কোনো শিক্ষক নেই। নেই হিসাবরক্ষক, প্রধান সহকারী ও এমএলএসএস। কলেজসূত্রে জানা গেছে, গত এক বছরে ১২ জন শিক্ষক বদলি হওয়ায় শিক্ষকসংকট তৈরি হয়েছে। এ ক্ষেত্রে কলেজের অধ্যক্ষ দায়ী বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক। কেননা অধ্যক্ষের সুপারিশ ছাড়া বদলি হওয়া যায় না। অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, ‘পদোন্নতিজনিত কারণে কয়েকজন বদলি হয়েছেন। সে ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে। তবে মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষই শিক্ষক বদলির জন্য দায়ী। শিক্ষক দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে এসব বদলির সুপারিশ করা হলেও শূন্যপদে তারা আর শিক্ষক দেয়নি।’ অপর দিকে কলেজে বর্তমানে দ্বাদশ শ্রেণীতে ১২৯ জন এবং স্নাতক শ্রেণীতে মাত্র ১৯ জন ছাত্রী রয়েছে। কলেজে ২০০৭ সালে শুধু ইতিহাস বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়। কিন্তু ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ সেশনে ছাত্রীসংখ্যা ১০০-রও কম। কলেজের দ্বাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী অভিযোগ করেন, একাদশ শ্রেণীতে ক্লাস হলেও দ্বাদশ শ্রেণীতে কোনো ক্লাসই হয়নি। এ ব্যাপারে অধ্যক্ষ বলেন, শিক্ষকসংকটের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ কলেজে আরও নতুন বিষয়ে অনার্স কোর্স চালু না করলে এবং শিক্ষকসংকট দূর না হলে ছাত্রীসংখ্যা বাড়বে না।