২৮ জুন কঠোর কর্মসূচি দেবে বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিল সংসদে উত্থাপনের মাধ্যমে সরকার দেশকে অস্থিশীলতার দিকেই ঠেলে দিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল ইসলাম বলেন, বাকশাল কায়েম করার জন্য সরকারের অপচেষ্টার প্রতিবাদে ২৮ জুন কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। তিনি জোর দিয়ে বলেন, এ কর্মসূচি কঠিনই হবে।আজ শনিবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনী বিল উত্থাপনের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের মহাসচিব এ মন্তব্য করেন।আইনমন্ত্রী শফিক আহমেদ আজ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধনের পঞ্চদশ সংশোধনীসংক্রান্ত বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন। ওই সময় বিলটি উত্থাপনের প্রস্তাবের বিরোধিতা করেন একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। পরে তিনি এর প্রতিবাদে ওয়াক আউট করেন।মির্জা ফখরুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধান সংশোধনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি বলেন, সরকারের এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।বিএনপি সংসদে যোগ দিয়ে সংবিধান সংশোধনের ব্যাপারে প্রতিবাদ জানাবে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।