২৮ জুলাইয়ের মধ্যে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি : শ্রমমন্ত্রী
শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী মাসের ২৮ তারিখের মধ্যে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ করা হবে। তিনি বলেন, পোশাক খাতে সরকার কোনো ধরনের অরাজকতা সহ্য করবে না। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। গত কয়েকদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। শ্রমমন্ত্রী বলেন, সরকার পোশাকশ্রমিকদের বেতন-সমস্যা সমাধানের ব্যাপারে আন্তরিক। সরকারের এই বিবেচনাকে সামনে রেখে আইন নিজের হাতে তুলে না নিতে তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বলেন, বেতনসংক্রান্ত বিষয়ে এ বছরের ২৮ এপ্রিল সরকার, শ্রমিক ও মালিকপক্ষের দুজন করে সদস্য নিয়ে ত্রিপক্ষীয় মজুরি বোর্ড গঠন করা হয়। এরই মধ্যে বোর্ডের নয়টি সভা হয়েছে। সব পক্ষই বেতন বৃদ্ধির ব্যাপারে একমত। আইনসম্মতভাবে এটি করতে বোর্ড কাজ করছে। তাই এ ব্যাপারে কোনো সিদ্ধান্তের আগে নাশকতার মতো বেআইনি কাজে লিপ্ত হওয়া ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। এর পরও কেউ অরাজকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।