২৮ জেলায় জেগে ওঠা চরের জমি বরাদ্দ পাবেন ভূমিহীন কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২৮ জেলায় নতুন জেগে ওঠা চরের প্রায় এক লাখ ২৫ হাজার একর জমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভূমিহীন প্রত্যেক কৃষক পরিবারকে এক টাকা প্রতীকী মূল্যে এক একর করে জমি বন্দোবস্ত দেওয়া হবে। স্বামী ও স্ত্রীর যৌথ নামে বন্দোবস্ত দেওয়া এ জমি হস্তান্তর বা বিক্রি করা যাবে না।দিয়ারা জরিপবহির্ভূত এসব জমি চর্চা নকশা করে এবং ভূমিহীনদের তালিকা তৈরি করে তা দ্রুত ভূমি মন্ত্রণালয়ে পাঠানোর জন্য ওই ২৮ জেলার অতিরিক্ত জেলা প্রশাসকদের (রাজস্ব) নির্দেশ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত ভূমিহীনদের তিন মাসের মধ্যে জমি প্রথমে অস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া হবে। দিয়ারা জরিপের পর তাঁদের মধ্যে জমির স্থায়ী বন্দোবস্ত দেওয়া হবে। দিয়ারা জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে ১৫ দিনের মধ্যে কর্মপরিকল্পনা জমা দিতে বলেছে মন্ত্রণালয়।ভূমি মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ভূমিসচিব মোখলেছুর রহমান প্রথম আলোকে জানান, ভূমিহীন কৃষকদের মধ্যে সরকারি খাসজমি বন্দোবস্ত দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে অস্থায়ী বন্দোবস্ত দেওয়া হবে, পরে নভেম্বর থেকে দিয়ারা জরিপ শুরু হয়ে আগামী বছরের জুন পর্যন্ত চলবে। তিনি বলেন, ভূমিহীন কৃষকদের জেগে ওঠা চরের মালিকানা দেওয়াই এ জরিপের মূল উদ্দেশ্য।সূত্র জানায়, বর্তমানে জেগে ওঠা চরে যেসব জমি রয়েছে তার মধ্যে নোয়াখালী জেলায় ৫৫ হাজার ৭০১ দশমিক ৮৭ একর, ভোলায় ৪৯ হাজার ৪৫ দশমিক ৫২ একর, পটুয়াখালীতে ১৮ হাজার ১৫৫ একর, পিরোজপুরে এক হাজার ৩৯৮ দশমিক ৩৬ একর, ঝালকাঠিতে ৮১৯ একর, বাগেরহাটে পাঁচ হাজার ১৪ দশমিক ৩৮ একর, কুষ্টিয়ায় ২১ হাজার ১৫০ একর, পাবনায় ২০ হাজার ৭২৭ একর এবং চাঁপাইনবাবগঞ্জে ২৪১ একর চাষযোগ্য খাসজমি রয়েছে।জানা গেছে, নতুন চরের দখল নিয়ে, বিশেষ করে শুষ্ক মৌসুমে আবাদ করা জমির ধানকাটার সময় তা নিয়ে মারামারি, এমনকি খুনের ঘটনাও ঘটে।সূত্র জানায়, জেগে ওঠা চরের জমির বিষয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে কিছু নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নোয়াখালীর চরাঞ্চলে খাসজমির বন্দোবস্ত নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে। বিতর্কিত এ বন্দোবস্ত বাতিল করতে হবে। নির্দেশনায় বিভিন্ন জেলায় জেগে ওঠা চরের জমি একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় আনার এবং চরের চাষযোগ্য খাসজমি প্রকৃৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার কার্যক্রম নিতে তাগিদ দেওয়া হয়েছে। ভূমিহীন কৃষককে চরের জমি বন্দোবস্ত দিতে আইনি বাধা থাকলে প্রয়োজনে আইনের সংশোধনের কথাও বলা হয়েছে।ওই নির্দেশনায় জেগে ওঠা চরের জরিপ ও বন্দোবস্ত বিষয়ে বলা হয়েছে, ‘যখন কোনো নতুন চর জেগে উঠবে তখনই সংশ্লিষ্ট জেলা প্রশাসক অবিলম্বে বেঙ্গল সার্ভে আইন এবং সেটেলমেন্ট ম্যানুয়াল, ১৯৩৫-এর ২৯৯ এবং ৩০০ ধারা অনুযায়ী তা জরিপের জন্য মহাপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাছে প্রস্তাব দেবেন এবং সেই পরিপ্রেক্ষিতে মহাপরিচালক বার্ষিক জরিপ কর্মসূচি গ্রহণ করবেন।’কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ২৭.০ অনুচ্ছেদে বলা আছে, নদী পয়স্তি জমি বা চর ভূমির ক্ষেত্রে দিয়ারা জরিপ না হওয়া পর্যন্ত এই নীতিমালার আওতায় বন্দোবস্ত দেওয়া যাবে না। দিয়ারা জরিপ না হওয়া পর্যন্ত এসব জমি ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ালের বিধান অনুযায়ী ডিসিআরের ভিত্তিতে একসনা ইজারা দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার ভূমিহীন কৃষকদের দিতে হবে।ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, জেগে ওঠা চরের খাসজমির অবৈধ দখল উচ্ছেদ ও অবৈধ বন্দোবস্ত বাতিল করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন দিয়ারা জরিপ ও চর্চা ম্যাপ হয়নি। তিনি বলেন, ‘যেহেতু চরের জমির কোনো মালিকানা নেই, সেহেতু আমরা জরুরি ভিত্তিতে চর্চা ম্যাপ করার উদ্যোগ নিয়েছি। এর ফলে অবৈধভাবে এসব জমি কেউ দখল করে রাখতে পারবে না।’