২৮ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন
খুলনা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ওই সমাবর্তনে উপস্থিত থাকবেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র থেকে জানা যায়, চারটি পর্যায়ে নিবন্ধনকৃত সর্বমোট ২ হাজার ৫০৬ জন শিক্ষার্থী এই সমাবর্তনে অংশ নেবেন। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী দুই হাজার ১৮৫ জন, স্নাতকোত্তর ডিগ্রিধারী ৩০৮ জন, স্নাতোকোত্তর ডিপ্লোমা ডিগ্রিধারী ১১ জন এবং পিএইচডি ডিগ্রিধারী দুজন। পাঁচটি স্কুল থেকে প্রতি বছরের সর্বোচ্চ ফলাফলধারী পাবে স্বর্ণপদক। এভাবে সর্বমোট ২০ জনকে এই পদক দেওয়া হবে। ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি অনুষ্ঠানের উদ্বোধন করবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালের ১০ এপ্রিল প্রথম সমাবর্তন, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সমাবর্তন এবং ২০০৭ সালের ১৯ মার্চ তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়।