২৮ বিচারপতি চিকিৎসার জন্য দুই কোটি টাকা নিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৯ থেকে চলতি ২০১১ সাল পর্যন্ত ১২ বছরে ২৮ জন বিচারপতি চিকিৎসার জন্য দুই কোটি টাকার বেশি আর্থিক অনুদান নিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলসহ অন্যান্য খাত থেকে এ অনুদান দেওয়া হয়।এই ২৮ জনের মধ্যে বিচারপতি মাশুক হোসেন আহমদ সর্বোচ্চ ২৪ লাখ ৭৪ হাজার ২৮৩ টাকা অনুদান নিয়েছেন। এরপর রয়েছেন এ কে এম আসাদুজ্জামান ২৩ লাখ ৭৩ হাজার ৪১৬ টাকা, এস কে সিনহা ২৩ লাখ ৩৭ হাজার ৯০৩ টাকা, এম এম রুহুল আমিন ২১ লাখ ১৫ হাজার ৩১৬ টাকা।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের তৈরি করা তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের কাছে বিচারপতিদের চিকিৎসা খাতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদানের হিসাব চাওয়ার পরিপ্রেক্ষিতে এ তালিকা করা হয়। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির সভায় এটি উপস্থাপিত হয়।সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ফজলে রাব্বী মিয়া, রহমত আলী, আবদুল মতিন খসরু, খান টিপু সুলতান, জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম সুজন ও শেখ ফজলে নূর তাপস সভায় অংশ নেন।সভা শেষে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, চিকিৎসার জন্য অনুদান নেওয়ার অধিকার অবশ্যই বিচারপতিদের আছে। কিন্তু এ নিয়ে রাজনীতি করার চেষ্টা দুর্ভাগ্যজনক।ওই তালিকায় দেখা যায়, বিচারপতি লতিফুর রহমান দুই দফায় চার লাখ ৯৫ হাজার টাকা, মো. ইফতিখার রসুল ১৭ লাখ ৪০ হাজার, শেখ রেজোয়ান আলী আট লাখ পাঁচ হাজার, মো. তাফাজ্জাল ইসলাম ১৫ লাখ ৭০ হাজার, মোহাম্মদ ফজলুল করিম দুই দফায় তিন লাখ ৬৯ হাজার, বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দুই দফায় ১১ লাখ ৬৮ হাজার টাকা নিয়েছেন। বিচারপতি এ কে বদরুল হক ১০ লাখ ২৬ হাজার, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী দুই দফায় ১৮ লাখ ১২ হাজার, এ কে এম জহিরুল হক এক লাখ ৪৩ হাজার, মো. ফারুক সাত লাখ ৯৪ হাজার ও মো. আতাউর রহমান খান তিন লাখ ১৩ হাজার টাকা নিয়েছেন।এ ছাড়া বিচারপতি মো. আবদুল হাই চার লাখ ৪৭ হাজার ৫৯ টাকা, মো. শামসুল হুদা দুই লাখ ৪৮ হাজার, মো. আবদুল আজিজ দুই দফায় ১২ লাখ ৭৫ হাজার, এ এম হাই পাঁচ লাখ ৭৩ হাজার, মো. মঈনুল ইসলাম চৌধুরী দুই দফায় তিন লাখ ১৯ হাজার, মো. মিফ্তাহ উদ্দিন চৌধুরী পাঁচ লাখ ৩০ হাজার ও শাহ আবু নাঈম মোমিনুর রহমান তিন দফায় ১৫ লাখ ৫৫ হাজার টাকা নিয়েছেন।তহবিল থেকে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান পাঁচ লাখ তিন হাজার, মো. মমতাজ উদ্দিন আহমেদ, আনোয়ারুল হক ও রেজাউল হক যথাক্রমে ৭১ হাজার, ছয় লাখ সাত হাজার ও ছয় লাখ ৭৭ হাজার টাকা নিয়েছেন। বিচারপতি কাজী এবাদুল হক দুই লাখ ও এন কে চক্রবর্তী এক লাখ টাকা নিয়েছেন।সভা সূত্র জানায়, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সম্পর্কে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের জন্য সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্য দুর্ভাগ্যজনক। এ ধরনের অশালীন বক্তব্য দেশকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাই এ বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।