চারদলীয় জোটের পর এবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট চট্টগ্রামে মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। ২৮ মার্চ শেখ হাসিনার চট্টগ্রাম সফরের দিন এই মহাসমাবেশ হবে। তবে সমাবেশস্থল এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। সমাবেশের বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা, মন্ত্রী ও সাংসদেরা গতকাল রোববার নগরের একটি হোটেলে বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা যায়, ২৮ মার্চ নগরের পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশ করার প্রস্তাব ওঠে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মহাসমাবেশে কুমিল্লা ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগসহ মহাজোটের নেতা-কর্মীদের আনার সিদ্ধান্ত হয়েছে।গতকালের প্রস্তুতি বৈঠকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মন্ত্রী আফছারুল আমীন ও হাছান মাহমুদ, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, এ বি এম ফজলে করিম চৌধুরী, আবুল কাশেম মাস্টার, এম এ লতিফ, চেমন আরা তৈয়ব, হাসিনা মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ টি এম আমিনুল ইসলাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন প্রমুখ অংশ নেন।নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) নগরের পলোগ্রাউন্ড ময়দানে মহাসমাবেশ করার আগ্রহ দেখিয়েছেন। কিন্তু ওই ময়দানে এখন বাণিজ্য মেলা চলছে। মেলা শেষ হবে ২৪ মার্চ। এরপর মাত্র তিন দিন সময় পাওয়া যাবে, যে কারণে এত স্বল্প সময়ের মধ্যে ময়দান মহাসমাবেশ করার উপযোগী করে তোলা সম্ভব নয়। বিষয়টি আমরা এরই মধ্যে নেত্রীকে জানিয়েছি। এখন পলোগ্রাউন্ড ময়দান নাকি নগরের অন্য কোনো মাঠে মহাসমাবেশ হবে, সেই সিদ্ধান্ত নেবেন নেত্রী নিজেই।’মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘চারদলীয় জোটের করা মহাসমাবেশের সঙ্গে আমাদের মহাসমাবেশের তুলনা করা ঠিক হবে না। কারণ, আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় সংগঠন। এবার ক্ষমতাসীন হওয়ার পর চট্টগ্রামে ২৮ মার্চ সবচেয়ে বড় সমাবেশ করে আমরা আমাদের সাংগঠনিক শক্তি দেখিয়ে দিতে চাই।’উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আমাদের সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করে অপপ্রচার চালাচ্ছেন। আমাদের নেত্রী এসব অপপ্রচারের জবাব দেবেন। পাশাপাশি গত সোয়া তিন বছরে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরতে চট্টগ্রামে এই মহাসমাবেশের আয়োজন করছি আমরা।’ দলীয় সূত্র জানায়, বন্দরের উড়ালসড়ক উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ মার্চ চট্টগ্রামে আসছেন। এই উড়ালসড়ক চালু হলে বিমানবন্দর সড়কে ঢাকাগামী ট্রাক ও লরি চলাচলের চাপ কমে আসবে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এটি উদ্বোধন করেই প্রধানমন্ত্রী চট্টগ্রামের মহাসমাবেশে ভাষণ দেবেন।মহাসমাবেশ সফল করতে গতকাল আওয়ামী লীগের সব নেতা ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেছেন। মহাসমাবেশ সফল করা নিয়ে জ্যেষ্ঠ নেতারা বিভিন্ন বৈঠকে প্রস্তাব দেন। প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়েছে।সাংসদ নুরুল ইসলাম বিএসসি প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে আমাদের নেত্রী শেখ হাসিনা স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করবেন। এ ব্যাপারে কক্সবাজার, তিন পার্বত্য জেলা ও বৃহত্তর নোয়াখালীর নেতাদের সঙ্গে আমাদের বৈঠক হবে। কারণ, বিভিন্ন জেলা থেকে আমরা লাখ লাখ কর্মী-সমর্থককে জড়ো করতে চাই।’প্রসঙ্গত, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট গত ৯ জানুয়ারি নগরের পলোগ্রাউন্ড ময়দানে মহাসমাবেশ করে। ওই মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বক্তৃতা করেন। চারদলীয় জোটের ওই মহাসমাবেশে বিপুল জনসমাগম ঘটে।