২৮ মার্চ রেলপথ ও রাজপথ অবরোধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি আদায়ের লক্ষ্যে ২৮ মার্চ সকাল থেকে খনি এলাকায় ছয় ঘণ্টা রেলপথ ও রাজপথ অবরোধের ঘোষণা দিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি।আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় বড়পুকুরিয়া বাজারে আয়োজিত এক সমাবেশে এ অবরোধের ঘোষণা দেয় কমিটি।জমির মালিকানা ঠিক রেখে ১০০ বছরের ফসলের ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের চাকরি ও রেশনিং ব্যবস্থা চালু, ক্ষতিগ্রস্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফুলবাড়ী সমঝোতা চুক্তির ছয় দফা পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ করা হয়।সমাবেশে পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, ক্ষতিপূরণের নামে স্থানীয়দের ভূমি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে। এরই মধ্যে এশিয়া এনার্জি কোম্পানি বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি করার প্রস্তাব দিয়েছে। সরকার তাঁদের পক্ষ হয়ে খনি এলাকায় জমি অধিগ্রহণের চেষ্টা চালাচ্ছে। সমীক্ষা ছাড়াই সরকারি অর্থের লুটপাট ও ধ্বংসযজ্ঞের চক্রান্ত শুরু হয়ে গেছে। স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসক উন্নয়নের কথা বলে খনি এলাকার লোকজনকে দ্বিধা-বিভক্ত করছে।জানা গেছে, ভূ-গর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার কারণে খনির পার্শ্ববর্তী কালুপাড়া, জিগাগাড়ী, বলরামপুর, মৌপুকুরসহ ১০ গ্রামে অধিকাংশ বাড়িঘরে ফাটল, তিন ফসলি জমি ও রাস্তাঘাট দেবে গেছে। স্থায়ী ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য সরকার একটি প্যাকেজ ঘোষণা দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ভূমি জরিপকাজ শুরু করা হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের একটি পক্ষ ওই প্যাকেজ মেনে নিলেও অন্যপক্ষ মানতে রাজি নয়। তারা সরকারি জরিপকাজ বন্ধ করে দিয়েছে। তেল-গ্যাস জাতীয় কমিটি সরকার-ঘোষিত প্যাকেজের বিপক্ষে অবস্থান নিয়েছে।বড়পুকুরিয়া আঞ্চলিক শাখা তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক মেনহাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে দিনাজপুর জেলা ওয়ার্কার্স পার্টির নেতা মঈনুদ্দীন চিশতি, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফুলবাড়ী শাখা জাতীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম, সদস্যসচিব আবদুল মজিদ চৌধুরী, মতিয়ার রহমান, এস এম নূরুজ্জামান, সঞ্জিত প্রসাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।