২৮ শিক্ষক-কর্মকর্তার নিয়োগ বাতিল, ১৩ জনের পদাবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪১ জন শিক্ষক ও কর্মচারীর নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁদের মধ্যে ২৮ জনকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত এবং ১৩ জনের পদাবনতি করা হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। গতকাল বৃহস্পতিবার প্রত্যেকের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।নিয়োগ বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ৩২ জন শিক্ষক আর নয়জন কর্মকর্তা। চাকরিচ্যুত হয়েছেন তিন অধ্যাপক, ১৩ সহযোগী অধ্যাপক ও আট সহকারী অধ্যাপক। তাঁদের সবাই বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় নিয়োগ পান।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল গফুর প্রথম আলোকে বলেন, নিয়োগের ক্ষেত্রে যেসব যোগ্যতার কথা বলা হয়েছিল, এই ৪১ জনের ক্ষেত্রে তার ঘাটতি ছিল। সংসদীয় কমিটি ও সোহরাব কমিটির প্রতিবেদনে এর প্রমাণ মিলেছে। এসব প্রতিবেদন অনুুযায়ী তাঁদের নিয়োগ বাতিল করেছে সিন্ডিকেট। ফলে আগে শিক্ষকেরা যে পদে ছিলেন, এখন সেই পদেই ফিরে যাবেন। যাঁরা অন্য প্রতিষ্ঠান থেকে এসেছেন, তাঁরা আর এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন না।গত বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভাসূত্র জানায়, সংসদীয় স্থায়ী কমিটি ও সোহরাব কমিটির প্রতিবেদনে এই ৪১ জনের নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়ম এবং কয়েকজনের যোগ্যতা নেই বলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এসব সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট ২৮ জনের চাকরিচ্যুতি ও ১৩ জনের পদাবনতির সিদ্ধান্ত নিয়েছে।জানা যায়, সোহরাব কমিটির তদন্তে ৪১ জন শিক্ষক-কর্মচারীর নিয়োগ বিধিসম্মত হয়নি বলে সুপারিশ করা হয়েছিল। কিন্তু ওই কমিটির তদন্ত নিরপেক্ষ হয়নি দাবি করে অভিযুক্ত ৪১ জন শিক্ষক ও কর্মকর্তা গত ১০ জুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করেন। মামলা চলাকালেই ৩০ জুন সিন্ডিকেট সভায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। এর বৈধতা প্রশ্নে হাইকোর্টে আবেদন করলে আদালত তাঁদের চাকরিতে পুনর্বহালের পক্ষে আদেশ দেন। এর বিপক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা সাত দিনের জন্য স্থগিত করেন। একই সঙ্গে নিয়মিত আপিল করতে বলা হয়। এসব শিক্ষক ও কর্মচারী আপিল করেন। বর্তমানে তা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।নিয়োগ বাতিল হওয়া একজন অধ্যাপক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, আদালতে বিচারাধীন বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ করার সুযোগ নেই। রাজনৈতিক উদ্দেশ্যেই শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য প্রথম আলোকে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নিয়োগের ক্ষেত্রে যাঁদের অনিয়ম হয়েছিল, তাঁদেরই নিয়োগ বাতিল করা হয়েছে। সংবাদ সম্মেলন: নিয়োগ বাতিল ও পদাবনতি হওয়া শিক্ষক ও কর্মকর্তারা গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় তাঁরা বলেন, নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, প্রকাশনা ও অভিজ্ঞতা না থাকার কারণে নয়, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁদের নিয়োগ বাতিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সৈয়দ আকরাম হোসেন, আবদুল কুদ্দুস ও এস এম রফিকুল ইসলাম। তাঁদের অভিযোগ, বিএসএমএমইউ প্রতিষ্ঠার পর থেকে নিয়োগ ও ক্রয়-সংক্রান্ত অনিয়ম খতিয়ে দেখতে তত্ত্বাবধায়ক সরকারের সময় নজরুল কমিটি গঠন করা হয়। কিন্তু ওই কমিটি শুধু ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ের তদন্ত করে প্রতিবেদন দেয়। পরে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শাহজাহান বিশ্বাসের নেতৃত্বে গঠিত কমিটি মত দেয়, নজরুল কমিটি ঠিকমতো কাজ করেনি। এরপর শাহজাহান কমিটির সুপারিশ পাশ কাটিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটি ও সোহরাব কমিটি তদন্ত প্রতিবেদন দেয়। এসব কমিটি পুরোপুরি পক্ষপাতদুষ্ট বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত শিক্ষক আবদুল কুদ্দুস বলেন, যেসব অভিযোগে ৪১ জনকে চাকরিচ্যুত করা হলো, সেই একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, সহ-উপাচার্য মো. শহিদ উল্লাহ, সজল কৃষ্ণ ব্যানার্জি, শারফুদ্দীন আহমেদ, আবু সিদ্দিকেরও চাকরি থাকার কথা নয়। তিনি বলেন, তাঁদের অনেকে পরীক্ষা ছাড়াই নিয়োগ পেয়েছেন। কারও কারও অধ্যাপক হওয়ার যোগ্যতা নেই।