২৮তম বিসিএস থেকেই মেধাক্রম অনুসারে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। সরকারি কর্মকমিশন (পিএসসি) সেভাবেই ফলাফল এবং উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা তৈরির কাজ শুরু করেছে। ২৯ ও ৩০তম বিসিএসসহ পরবর্তী পরীক্ষাগুলোতেও এই নিয়ম কার্যকর থাকবে।পিএসসি সচিবালয় সূত্রে জানা গেছে, সংস্থাপন মন্ত্রণালয় ১০ মে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০-এর প্রজ্ঞাপন জারি করে। এর ফলে বিসিএস পরীক্ষায় ক্যাডার সার্ভিসের জন্য নির্ধারিত শূন্যপদ পূরণের পর মেধাক্রম অনুসারে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার বিধিগত বাধা দূর হলো।পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, একটি বিসিএস পরীক্ষায় আট থেকে দশ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। কিন্তু দুই-আড়াই হাজার পদ থাকে বলে উত্তীর্ণদের বড় অংশই চাকরি পান না। এ কারণে পিএসসি নন-ক্যাডার বিধিমালা তৈরির উদ্যোগ নেয়। বিধিমালাটির প্রজ্ঞাপন হয়ে গেছে। ২৮তম বিসিএস পরীক্ষার ফলাফলের জন্য মেধাতালিকা এই বিধিমালা অনুযায়ী করা হবে। কবে নাগাদ ফল প্রকাশ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এই বিধিমালার অপেক্ষায় ফল দিতে দেরি হচ্ছিল। এখন শিগগিরই ফল দেওয়া হবে।কীভাবে নন-ক্যাডার প্রক্রিয়ার নীতিমালা বাস্তবায়ন করা হবে জানতে চাইলে সা’দত হুসাইন বলেন, মন্ত্রণালয়গুলোর কাছে প্রথম শ্রেণীর শূন্য পদের সংখ্যা জানতে চাওয়া হবে। মোট পদের অর্ধেকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রার্থীদের কাছে তাঁদের পছন্দের ক্রম চাওয়া হবে।সংস্থাপন মন্ত্রণালয়ের নন-ক্যাডার পদে নিয়োগের বিধিমালায় বলা হয়েছে, বিসিএস পরীক্ষার বিজ্ঞাপনে নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ থাকবে। নন-ক্যাডার শূন্য পদের ৫০ শতাংশ বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে। এ ক্ষেত্রে নন-ক্যাডার নিয়োগ বিধিমালা অনুসরণ করা হবে। চলমান ২৮, ২৯ ও ৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপনে নন-ক্যাডারের বিষয়টি উল্লেখ করা না হলেও এই তিন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যাঁরা নির্ধারিত ক্যাডার পদে চাকরি পাবেন না, তাঁদের মেধাতালিকা অনুযায়ী নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।বিধিমালায় বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করবে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এই দরখাস্তের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী পিএসসি একটি তালিকা তৈরি করবে। পরবর্তী বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত এই তালিকা কার্যকর থাকবে। সংরক্ষিত তালিকা অনুযায়ী, পিএসসির সুপারিশ মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীর নিয়োগপত্র দেবে। নিয়োগপত্র দেওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে প্রার্থী চাকরিতে যোগ না দিলে পিএসসির সুপারিশ বাতিল বলে গণ্য হবে। সংরক্ষিত তালিকার মেয়াদ কার্যকর থাকলেও নির্ধারিত সময়ে চাকরিতে যোগ না দেওয়া প্রার্থী নন-ক্যাডার চাকরির জন্য অযোগ্য বিবেচিত হবেন।কোনো প্রার্থীকে একাধিকবার নিয়োগের জন্য সুপারিশ করতে পারবে না পিএসসি। বিধিমালায় বলা হয়, চাকরি দেওয়ার ক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদ ২৯(৩)-এর পরিপ্রেক্ষিতে কোটা সংরক্ষণ নির্দেশাবলি অনুসরণ করা হবে।সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলমান ২৮, ২৯ ও ৩০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে পাঁচ হাজার ৮৭৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২৮তম বিসিএসে এক হাজার ৭২০ জন, ২৯তম বিসিএসে এক হাজার ৫৮১ জন এবং ৩০তম বিসিএসে দুই হাজার ৫৭২ জন নিয়োগ পাবেন। বর্তমানে নন-ক্যাডার প্রথম শ্রেণী গেজেটেড শূন্য পদের সংখ্যা প্রায় ২৪ হাজার। এসব পদের মধ্যে প্রায় ৫০ শতাংশ রয়েছে কারিগরি পদ। এই কারিগরি পদে বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না। ফলে প্রায় ১২ হাজার নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার সুযোগ থাকছে।পিএসসি সূত্র জানায়, ২৮তম বিসিএস পরীক্ষায় মোট পাঁচ হাজার ৮৮১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নতুন বিধিমালা জারি করায় এবার যাঁরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁরা প্রায় সবাই ক্যাডার, নন-ক্যাডার মিলিয়ে নিয়োগ পেতে পারেন।