২৮তম বিসিএসে ২১৯০ জনকে নিয়োগের সুপারিশ
২৮তম বিসিএস পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে এক হাজার ৫২০ জন পুরুষ এবং ৬৭০ জন মহিলা। প্রকাশিত ফলাফল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd তে পাওয়া যাবে। ফলাফল জানতে এখানে ক্লিক করুনউত্তীর্ণদের মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারে ১৯০ জন, পুলিশে ১৮৯ জন, পররাষ্ট্র ক্যাডারে ১৫ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ১৯ জন, পরিবার ও পরিকল্পনায় পাঁচজন, তথ্য ক্যাডারে ৮৭ জন, কর-এ ৪৬ জন, ডাকে সাতজন, আনসারে ১১ জন, শুল্ক ও আবগারিতে ২৯ জন, সমবায় ক্যাডারে একজন, খাদ্য ক্যাডারে পাঁচজন, রেলওয়েতে তিনজন, বাণিজ্যে চারজন এবং ইকোনোমিক ক্যাডারে মোট ৪৬ জন নির্বাচিত হয়েছেন। প্রফেশনাল ক্যাডারের মধ্যে সহকারী সার্জন হিসেবে ৭২৪ জন, ডেন্টাল সার্জন হিসেবে ১০১ জন, সহকারী বেতার প্রকৌশলী হিসেবে ১৯ জন, বিসিএস কৃষিতে ১২৩ জন এবং মেস্য ৩১ জন নিয়োগ পেয়েছেন। বাকিরা সাধারণ শিক্ষাসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেয়েছেন। এক হাজার ৭২০টি পদে নিয়োগের জন্য ২০০৮ সালের ২২ জানুয়ারি ২৮তম বিসিএস পরীক্ষার প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মোট আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ ২০ হাজার ৯৪৬ জন। এর মধ্যে প্রাথমিক বাছাই পরীক্ষায় ১১ হাজার ৭৭৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন পাঁচ হাজার ৮৮১ জন। গত বছরের ৪ অক্টোবর থেকে এ বছরের ১০ জানুয়ারি পর্যন্ত উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাঁচ হাজার ৭৮৩ জন প্রার্থী উপস্থিত এবং ৯৮ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে পাঁচ হাজার ১০৫ জন উত্তীর্ণ হলেন। পিএসসি সূত্রে জানা গেছে, নন ক্যাডার নিয়োগ বিশেষ বিধিমালা-২০১০ জারি হওয়ায় উত্তীর্ণদের বেশির ভাগই প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকরি পাবেন। এজন্য খুব শিগগিরই তাঁদের কাছে পছন্দক্রম চাওয়া হবে।