২৮তম বিসিএসের চূড়ান্ত ফল শিগগির জানিয়েছে পিএসসি
শিগগির ২৮তম বিসিএসের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। সব প্রক্রিয়া শেষ করে এ বছরেই ২৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে। ‘পিএসসিতে পরীক্ষাজট’ শিরোনামে গত ৩১ মার্চ প্রথম আলোয় খবর প্রকাশের পর পিএসসির পাঠানো প্রতিবাদপত্রে এ তথ্য জানানো হয়েছে। তবে এ দুটি পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ বলা হয়নি।পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়, ২৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষা যথাসময়ে শেষ হয়েছে। কিন্তু মামলাজনিত কারণে ক্যাডারভিত্তিক সুপারিশ চূড়ান্ত করা যায়নি। তবে সম্প্রতি মামলাজনিত জটিলতা নিরসন হয়েছে, শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে।অন্য পরীক্ষাগুলোর বিষয়ে পত্রে বলা হয়, তড়িঘড়ি করে নিকৃষ্টমানের প্রার্থী বাছাই বর্তমান কমিশনের ইপ্সিত লক্ষ্য নয়। এ ছাড়া ক্যাডারের পরীক্ষা নিয়ে সারা বছরের ব্যস্ততার কারণে নন-ক্যাডারের সরাসরি নিয়োগ ২০০৮ সালে কিছুটা কম হলেও ২০০৯ সালে বেড়েছে। এ ছাড়া ত্রুটিপূর্ণ অধিযাচন প্রেরণ, কমিশন কর্তৃক চাহিত তথ্যাদি/কাগজপত্র প্রেরণে অনীহা, নিয়োগ বিধি না থাকা, যোগ্য প্রার্থী না পাওয়া, সর্বোপরি আদালতের নিষেধাজ্ঞার কারণে কয়েকটি মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রার্থী বাছাই বিলম্বিত হচ্ছে। পরীক্ষা শেষ করেও ফলাফল দেওয়া যাচ্ছে না, কিংবা লিখিত পরীক্ষার দিন পরীক্ষা স্থগিত করা হয়েছে এমন দৃষ্টান্তও আছে।৩০তম বিসিএসের প্রজ্ঞাপন জারিতে দেরি প্রসঙ্গে পিএসসি জানিয়েছে, সব প্রস্তুতি থাকার পরও অধিযাচন (রিকুইজিশন) না পাওয়ায় পিএসসি এ বছরের জানুয়ারিতে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি।পত্রে বলা হয়, ২১তম থেকে ২৭তম বিসিএস পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি বিসিএসের পরিসংখ্যান থেকে দেখা যায়, বিজ্ঞাপন জারির থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত প্রতিটি বিসিএস শেষ করতে প্রায় দুই থেকে আড়াই বছর লেগেছে। নিয়োগ প্রক্রিয়ার সময় কমিয়ে আনতে ম্যানুয়েল পদ্ধতির বদলে কম্পিউটারাইজড ওএমআর রিডেবল আবেদনপত্র প্রবর্তিত হয়েছে। এর সুফল পাওয়া গেছে বলে দাবি করেছে পিএসসি।প্রতিবেদকের বক্তব্য: পিএসসির বক্তব্যেই বলা হয়েছে, একেকটি পরীক্ষা নিতে দুই থেকে আড়াই বছর লাগছে। প্রথম আলোর প্রতিবেদনেও এই তথ্যই দেওয়া হয়েছে। আর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি রাষ্ট্রপতির কাছে দেওয়া পিএসসির বার্ষিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা। পিএসসি ২০০৯ সালে ১৯টি এবং ২০০৮ সালে ৪১টি পরীক্ষার ফল প্রকাশ করতে পারেনি—এই তথ্য প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনেই বলা আছে। আর পিএসসিতে নিয়োগসহ নানা সমস্যা যে রয়েছে, তা পিএসসির একাধিক সদস্য এবং কর্মকর্তা প্রথম আলোর কাছে স্বীকার করেছেন। এসব জটিলতার কারণে সরকারও পিএসসিকে তিনটি ভাগে ভাগ করার চিন্তা করছে।