পিলখানায় বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৮-এ আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে বিচারকাজ শেষ হয়েছে। ৬২২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়া শেষ করে আজ আদালত তাঁদের কাছে জানতে চান তাঁরা দোষী না-নির্দোষ। একেকজন করে মোট ২৮০ জনের কাছে আদালত এ প্রশ্ন করেন। আসামিরা সবাই নিজেকে নির্দোষ বলে দাবি করেন। আদালত মুলতবি করা হয়েছে। কাল বৃহস্পতিবার সকাল ১০টায় আবার আদালত বসবে। এর আগে সকালে অবশিষ্ট ১২২ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। সকাল সাড়ে ১০টায় বিচারকাজ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক।এ মামলার মোট আসামি ৬২২ জন। গতকাল মঙ্গলবার ৪০০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। এর আগের দিন সোমবার ১০০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। আজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান। আদালতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক, মেজর জাহিদুর রহমান খান ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ভীষ্মদেব চক্রবর্তী। প্রসঙ্গত, প্রায় ছয় মাস আগে এই ব্যাটালিয়নের বিচার শুরু হয়েছিল বিশেষ আদালত-৫-এ। আদালত বিভাজনের কারণে গতকাল বিশেষ আদালত-৮-এ এই বিচার শুরু হয়েছে। এই ব্যাটালিয়নের মোট ৬২৩ জন আসামির মধ্যে হাবিলদার শফিকুল ইসলাম নামের একজন মারা গেছেন। আসামিদের মধ্যে ১৩ রাইফেল ব্যাটালিয়নের নিজস্ব সদস্য ৩১৫ এবং সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের সদস্য ৩০৮ জন।