২৮১ বছরের উপাখ্যান
ইংরেজি ‘নারকোটিক’ শব্দের বাংলা অর্থ তন্দ্রাজনক, নিদ্রাকারক, চৈতন্য-বিলোপকারক মাদক। নারকোটিক্স বা মাদকদ্রব্যসমূহের মধ্যে সবচেয়ে প্রাচীন অহিফেন বা আফিম। প্রায় ছয় হাজার বছর আগে থেকে মধ্যপ্রাচ্যে আফিমের ব্যবহার শুরু হয়। ব্যথা-নিবারক হিসেবে আফিম ব্যবহারের চিকিৎসাপত্র গ্রিক এবং রোমান চিকিৎসকেরা দিতে শুরু করেন যিশুখ্রিষ্টের জন্মের অনেক আগে থেকে। সপ্তম শতাব্দীতে আরব বণিকেরা ওষুধ হিসেবে আফিম পৌঁছান চীনে এবং ভারতে। পঞ্চদশ শতাব্দীতে আফিম জাপান পৌঁছে। তখন ব্যথা-নিবারক হিসেবেই আফিম সেবন করা বা খাওয়া হতো। সপ্তদশ শতকে ইউরোপীয় বণিকেরা চীনের লোকদের ধূমপানে আফিমের ব্যবহার শিক্ষা দেন বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে। এ শিক্ষা চীনাদের মধ্যে দ্রুত ব্যাপকভাবে বিস্তার লাভ করায় সমগ্র চীনা জাতি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ার উপক্রম হয়। পরিত্রাণের লক্ষ্যে তৎকালীন চীন সম্রাট ১৭২৯ খ্রিষ্টাব্দে আফিমের ব্যবহার বেআইনি ঘোষণা করে ফরমান জারি করেন। এ ফরমানই মাদকদ্রব্য-সংক্রান্ত প্রথম আইন। কিন্তু বাস্তবে সেই আইন চীনে আফিমের ব্যবহার বন্ধ করতে পারেনি। কালোবাজারে ব্যবসা ঠিকই চলতে থাকে। আফিম যুদ্ধ: ব্রিটিশ ব্যবসায়ীদের চীনে আফিম আমদানি বন্ধ করার লক্ষ্যে চীন সরকার ১৮৩৯ সালে ক্যান্টনের ব্রিটিশ গুদামের সব আফিম বাজেয়াপ্ত করে। ওই সময় কতিপয় মাতাল নাবিক চীনের এক গ্রামবাসীকে হত্যা করে। কিন্তু ব্রিটিশ সরকার ঘাতকদের চীনের আদালতের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। ১৮৩৯ সালে শুরু হয় চীন বনাম ব্রিটিশ প্রথম আফিম যুদ্ধ। এতে ব্রিটিশরা জয়ী হয়। ১৮৪২ সালের ২৯ আগস্টে স্বাক্ষরিত নানকিং চুক্তি এবং ১৮৪৩ সালের ৮ অক্টোবর স্বাক্ষরিত বোগ চুক্তিমূলে ব্রিটিশদের ব্যবসা ও বসবাসের জন্য পাঁচটি বন্দর সমর্পণে চীন বাধ্য হয়। ১৮৫৬ সালে অ্যারো নামক জাহাজে চীন সরকারের কতিপয় কর্মচারী ব্রিটিশ পতাকা নামিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশরা দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু করে। ১৮৫৭ সালে ব্রিটিশদের পক্ষে ফরাসিরাও যোগ দেয়। ১৮৬০ সালে পিকিং কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধ শেষ হয়, বিদেশিরা পিকিংয়ে দূতাবাস স্থাপন, ধর্ম প্রচারের নামে সমগ্র চীনে পরিভ্রমণ এবং অবাধে চীনে আফিম আমদানির সুযোগ লাভ করে। মাদকদ্রব্য-সংক্রান্ত আইন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লক্ষ্যে পৃথিবীতে সর্বপ্রথম চীন সম্রাট ১৭২৯ সালে আইন জারি করে সফল হতে পারেনি। শুধু প্রাচ্যে নয়, পাশ্চাত্যের দিকেও ইউরোপীয় বণিকেরা আফিমের ব্যবসা সম্প্রসারণ করেছিলেন। ১৭৭৬ সালে স্বাধীনতাপ্রাপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকেরা আফিম ব্যবসা করতে পারবে না মর্মে ১৮৩৩ সালে ঘোষণা দেয়। ১৯০৯ সালে যুক্তরাষ্ট্রে আফিম বেআইনি দ্রব্য বলে ঘোষণা করা হয়। তা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট আন্তর্জাতিক পর্যায়ে মাদকদ্রব্যের ব্যবসা বন্ধ করার লক্ষ্যে সাংহাইয়ে ১৯০৯ সালে ১৩ জাতি সম্মেলন করেন, যার ফলে পরে ১৯১২ সালে হেগ অপিয়াম কনভেনশন অনুষ্ঠিত হয়। মার্কিন আইন পরিষদ ১৯১৪ সালে হ্যারিসন নারকোটিক্স অ্যাক্ট, ১৯৩৭ সালে মারিজুয়ানা ট্যাক্স অ্যাক্ট, ১৯৫৬ সালে নারকোটিক কন্ট্রোল অ্যাক্ট ইত্যাদি কেন্দ্রীয়ভাবে পাস করে প্রথমবার অপরাধের জন্য দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড, দ্বিতীয়বার অপরাধের জন্য পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য ১০ থেকে ৪০ বছরের কারাদণ্ড এবং প্রতি ক্ষেত্রে ২০ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান করে। তা ছাড়া প্রাপ্তবয়স্ক কর্তৃক অপ্রাপ্তবয়স্কের কাছে হেরোইন বিক্রির জন্য যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করা হয়। ব্রিটিশরা সারা দুনিয়ায় মাদকদ্রব্যের ব্যবসা করে লাভের স্টার্লিং বাড়িতে নিয়েছে এবং নিচ্ছে। কিন্তু নিজেরা তেমন মাদকাসক্ত নয় এবং নিজ দেশে মাদকদ্রব্যের ব্যবসাও তেমন করে না। তবুও তারা ১৯১২ সালে হেগ কনভেনশনে স্বাক্ষর করে ডেঞ্জারাস ড্রাগ অ্যাক্ট জারি করে। ব্রিটেনে মাদক আইনে অপরাধীর সংখ্যা .০০০১%-এর বেশি নয় বিধায় তাদের আর বেশি আইন করতে হয়নি। ভারতীয় উপনিবেশে ব্রিটিশ সরকারের ব্যবসায়িক লাভের উদ্দেশ্যে অপিয়াম অ্যাক্ট, ১৮৫৭ জারি করে পপি চাষ ও আফিম তৈরির ওপর সরকারের কেন্দ্রীয় কর্তৃত্ব স্থাপন করা হয়। ১৮৭০ সালে আরও একটি অপিয়াম অ্যাক্ট জারি করে আফিম উৎপাদন ও ব্যবসার ওপর সরকারের নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করা হয়। ১৯০৯ সালে এক্সাইজ অ্যাক্ট জারি করে মদজাতীয় পদার্থ উৎপাদন ও ব্যবসার ওপর সরকারের আয়ের পথ একীভূত করা হয়। ১৯৩০ সালে ডেঞ্জারাস ড্রাগ অ্যাক্ট জারি করে সব ধরনের মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবসা ও সেবনের ওপর সরকারের কর্তৃত্ব সুদৃঢ় করা হয়। ১৯৩২ সালে অপিয়াম স্মোকিং অ্যাক্ট জারি করে ধূমপানে ব্যবহারের উদ্দেশ্যে আফিমের আড়ত তৈরি ও তার ব্যবসা এবং ধূমপানে আফিমের ব্যবহার দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয় এবং দণ্ড ও বিচারের ব্যবস্থা করা হয়। ১৯৪৭ সালে ব্রিটিশরা চলে যায়। তার পরও ওই সব আইন বলবৎ থাকে। কথায় কথায় ইসলামের এবং মানবতার দোহাই আওড়ানো হলেও ওই সব আইন সমগ্র পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলেও কার্যকর রাখা হয়। ১৯৮৯ সালে ওই সব আইন বাতিল করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশটি বাতিল করে পরের বছর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ জারি করা হয়। তারপর ১৯৯১, ১৯৯৩, ২০০০ এবং ২০০৪ সালে আইনটিতে ব্যাপক সংশোধনী আনা হয়। আশু করণীয়: ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দ্বিতীয় তফসিলে মাদক শুল্কের হার বিধৃত করা আছে। ক্রমবর্ধমান বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে অর্থ মন্ত্রণালয় প্রায় প্রতিটি দ্রব্যের ওপর আরোপিত শুল্কের হার পরিবর্তন করে থাকে। ব্যতিক্রম মাদকদ্রব্যের ক্ষেত্রে। ১৯৯১ সালের পর থেকে এ পর্যন্ত মাদকদ্রব্যের শুল্কের হার এক টাকাও বাড়ানো হয়নি। এর পেছনে অন্য উদ্দেশ্য না থাকলে এবং নিছক বেখেয়ালে নজর এড়িয়ে গিয়ে থাকলে এখনো সময় আছে, সরকার এ বছরের অর্থ আইনে মাদক শুল্কের হার পরিবর্তনের পদক্ষেপ নিতে পারে।