সিএনজিচালিত অটোরিকশা চালকের দৌরাত্ম্য কমছে না
২৮৬টি অটোরিকশা জব্দ, দুই হাজার ৬৫৬ মামলা
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের বিশেষ অভিযানেও সিএনজিচালিত অটোরিকশাচালকদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। ভাড়া বাড়ানোর পরও মিটারে যাত্রী বহন করছেন না চালকেরা। উল্টো মিটারের দ্বিগুণ-তিন গুণ ভাড়া নিয়ে যাত্রীদের চুক্তিতে যেতে বাধ্য করছেন।গত শুক্র ও গতকাল শনিবার দুই দিন ভ্রাম্যমাণ আদালত বন্ধ ছিল। কিন্তু পুলিশের অভিযান ছিল।১৬ জানুয়ারি থেকে নতুন ভাড়ার হার কার্যকর করে সরকার। কিন্তু সরকারি সিদ্ধান্ত অমান্য করে চুক্তিতে যাত্রী বহন ও মিটার কারসাজির দায়ে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ ১৬ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দুই হাজার ৬৫৬টি মামলা করেছে। এসব মামলার বিপরীতে জরিমানা আদায় ছাড়াও সিএনজিচালিত ২৮৬টি অটোরিকশা জব্দ করে পুলিশ। এ ছাড়া মিটারে যাত্রী বহন করতে অস্বীকৃতি জানানো এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণের দায়ে পুলিশ ১৬ জানুয়ারি চারজন চালককে আটক করে।শাহবাগে ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, সিএনজিচালিত অটোরিকশাচালকেরা সরকারি সিদ্ধান্ত অমান্য করলেই মামলা-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আছে। পুলিশের ওই সদস্য বলেন, চালক যাত্রীদের সঙ্গে অসদাচরণ করলে কিংবা চুক্তিতে যেতে বাধ্য করলে যেকোনো সিগন্যালে বললেই ব্যবস্থা নেওয়া হবে।গতকাল বিকেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে ঢাকা মেট্রো থ-১৩-২৫৭৭ নম্বরের অটোরিকশাচালককে মোহাম্মদপুরে যাওয়ার কথা বললে ‘না’ বলে চলে যান। মাহজাবিন মোস্তফা জানান, আধা ঘণ্টা ধরে তিনি দাঁড়িয়ে আছেন। অন্তত ২০ জন চালকের সঙ্গে কথা বলেছেন। কেউ রাজি হননি যেতে। তিনি বলেন, ‘সরকার আসলে জনগণের দুর্ভোগ লাঘব করতে চায় কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে। এখনো চালকদের আইন মানানোর ক্ষেত্রে বড় ধরনের সরকারি তৎপরতা দেখা যাচ্ছে না।’বাণিজ্য মেলার গেট থেকে একটু সামনে এগিয়ে দেখা গেছে, ঢাকা মেট্রো থ-১৩-২৫৭৭ নম্বরের অটোরিকশাচালক মাহজাবিনকে ‘না’ বলে দিলেও মিরপুর ১৪ নম্বরে ১৫০ টাকায় চুক্তিতে যাত্রী বহন করছেন। চালক রহমত আলীর খোঁড়া যুক্তি, তাঁর গ্যারেজ মিরপুরে বলে শেষ বিকেলে মোহাম্মদপুরের যাত্রী বহন করেননি।ঢাকা মেট্রো দ-১৩-২৫৭৭ নম্বরের অটোরিকশাটি আগারগাঁওয়ে বাণিজ্য মেলার কাছাকাছি আসার পরই যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন। আজিমপুরের বাসিন্দা আনিসুর রহমান বলেন, যাওয়া তো দূরে থাক, চালক অটোরিকশাটি দাঁড় করিয়ে কথাই শুনতে রাজি হননি। পাশের গ্রিলের দরজা ধরে দৌড়ে দৌড়ে অনুরোধ করার পরও রাখেননি।আসাদগেট থেকে মতিঝিল পর্যন্ত যাওয়ার জন্য ১৫০ টাকায় অটোরিকশা ভাড়া করেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমান। তিনি জানান, ছোট শিশু নিয়ে বাসে উঠতে পারেননি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও অটোরিকশার চালককে রাজি করাতে পারেননি। চুক্তিতে রাজি করাতেও কষ্ট হয়েছে। পুলিশকে খবর দেননি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাচ্চা কোলে নিয়ে কে পুলিশের পিছে পিছে দৌড়াতে যাবে। যানবাহনের সংকটের কারণে বের হতেই মন চায় না।’আসাদগেট থেকে মতিঝিলের দূরত্ব নয় কিলোমিটার। নতুন হার অনুযায়ী এই পথের ভাড়া আসে ৭৪ টাকা। যানজট, যাত্রাবিরতি ও সিগনালের কারণে বড়জোর আরও ১০-১৫ টাকা বেশি হতে পারে। এই পথের জন্য ১৫০ টাকা ভাড়া নেওয়ার উত্তর দিতে পারেননি ঢাকা মেট্রো থ-১৪-১৫০২ নম্বরের ওই অটোরিকশার চালক মনু মিয়া।