২৯ অক্টোবর থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর থেকে শুরু হবে। ‘খ’ ইউনিট অর্থাত্ কলা অনুষদের পরীক্ষা গ্রহণের মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।আজ বুধবার দুপুরে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ভর্তির পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদনপত্র সংগ্রহ করা যাবে ১৪ অক্টোবর পর্যন্ত।এ ছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন এবং নিউক্লিয়ার অ্যান্ড এনার্জি নামে নতুন দুটি বিভাগ ও একটি ইনস্টিটিউট চালু করার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ।এর আগে ১৮ আগস্ট ভর্তি কমিটির এক সভায় ২১ সেপ্টেম্বর থেকে আবেদনপত্র ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ঈদের ছুটিসহ প্রথম অনলাইনে আবেদনপত্র ছাড়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির কথা চিন্তা করে আজ ডিনস কমিটির সভায় তারিখ পরিবর্তন করে ২৭ সেপ্টেম্বর করার সুপারিশ করা হয়।সভা সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সুপারিশ অনুযায়ী ২৯ অক্টোবর কলা অনুষদের অধীনে মানবিক বিভাগের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এর পর বিজ্ঞান অনুষদের অধীনে বিজ্ঞান বিভাগের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৫ নভেম্বর, বাণিজ্য অনুষদের অধীনে বাণিজ্য বিভাগের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর, বিভাগ পরিবর্তনকারী ইউনিট ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর ও সর্বশেষ চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।এ বছর শিক্ষার্থীদের আবেদনপত্রের মূল্য ৩০০ টাকা এবং ব্যাংক মাসুল ২০ টাকাসহ মোট ৩২০ টাকা জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.univdhaka.edu) আবেদনপত্র সংগ্রহ এবং আবেদন পূরণ ও জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে। এবার ভর্তি পরীক্ষায় ২০০৯ অথবা ২০১০ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় যারা পাস করেছেন, তাঁরা শুধু আবেদন করতে পারবেন।