২৯ আসামির সবার সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলার প্রথম রায়ে পঞ্চগড়ের ২৯ আসামির সবারই সাজা হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে ১৩ জনের। একজনকে ছয় বছর, একজনকে চার বছর, ছয়জনকে তিন বছর, দুজনকে দুই বছর, পাঁচজনকে এক বছর এক মাস এবং একজনকে চার মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বিডিআরের নিজস্ব আইনে এ সাজা দেওয়া হয়েছে। দণ্ডিতরা সবাই ২৫ রাইফেল ব্যাটালিয়নের সদস্য। আদালত কারাদণ্ডের পাশাপাশি ২৯ আসামিকে ১০০ টাকা করে অর্থদণ্ডও করেছেন। সাজা বেসামরিক কারাগারে এবং রায়ের দিন থেকে কার্যকর হবে বলে রায়ে বলা হয়। গতকাল বুধবার বিকেলে ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের প্রধান বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সর্বোচ্চ সাজাপ্রাপ্তরা হলেন নায়েক সহকারী মঞ্জুর হোসেন, ল্যান্স নায়েক সিদ্দিকুর রহমান, মো. জাকারিয়া ও নুরুজ্জামান, সিপাহি গিয়াসউদ্দিন, শফিকুর রহমান, মহিবুর রহমান, মেহেদী হাসান, এস এম সুমন আহমেদ, আব্দুল করিম, মনোয়ার হোসেন, মেহেদী হাসান ও মনির হোসেন। ল্যান্স নায়েক জাহিদুল ইসলামের ছয় বছর এবং সিপাহি ওয়াহেদুজ্জামানের চার বছর সাজা হয়েছে।তিন বছর করে সাজা হয়েছে ছয়জনের। তাঁরা হলেন সিপাহি আবু মো. নাজের চৌধুরী, বলাই চন্দ্র বিশ্বাস, আহসানুল আজম, মাসুদুল করিম, মোস্তাফিজুর রহমান ও কমল চন্দ্র রায়।দুই বছর করে সাজা হয়েছে সিপাহি এনামুল কবির ও ল্যান্স নায়েক আকতারুজ্জামানের।পাঁচজনের এক বছর এক মাস করে সাজা হয়েছে। তাঁরা হলেন হাবিলদার রফিকুল ইসলাম, সিপাহি লুত্ফর রহমান, ফারুক হোসেন, ফসিয়ার রহমান ও মোজাম্মেল হক। সর্বনিম্ন চার মাস সাজা হয়েছে সিপাহি মিজানুর রহমানের।কড়া নিরাপত্তার মধ্যে বিকেল চারটা ২০ মিনিটে আদালত বসেন। বিচার-প্রক্রিয়া নিয়ে ১০ মিনিট কথা বলার পর সাড়ে চারটার দিকে রায় পড়া শুরু করেন মইনুল ইসলাম। সব আসামির সাজার আদেশ আলাদাভাবে পড়েন তিনি। বিকেল পাঁচটায় শেষ হয় রায় পড়া। আসামিদের আইনগত সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে বিডিআরের মহাপরিচালক উল্লেখ করেন। তবে রায়ের পর চিত্কার করে অসন্তোষ প্রকাশ করেন দণ্ডিত ব্যক্তিরা। রায় পড়ার সময় কাঠগড়ায় দাঁড়ানো কয়েকজন আসামি কান্নায় ভেঙে পড়েন।রায় ঘোষণার আগে আদালতের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আত্মপক্ষ সমর্থনের জন্য আসামিদের কমপক্ষে ২৭ দিন সময় দিতে হয়, কিন্তু ৫৭ দিন সময় দেওয়া হয়েছে। আইনি সহায়তা দেওয়ার জন্য একজন বিডিআরের কর্মকর্তা নিয়োগ করা হয়। ছয়জন বেসামরিক আইনজীবী ছিলেন। দর্শনার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে বিচারকাজ চলে। তিনি জানান, ৪ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। সাত আসামি দোষ স্বীকার করে ক্ষমা চান। অন্য ২২ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। সাফাই সাক্ষী দিতে কেউ রাজি হননি। সব সাক্ষ্য প্রমাণে ২৬ ফেব্রুয়ারি পঞ্চগড় ব্যাটালিয়নে বিদ্রোহ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সব আসামি প্রত্যক্ষভাবে জড়িত বলে প্রমাণিত হয়েছে। বিডিআর প্রধান বলেন, বিচারে তিনটি বিষয় বিবেচনা করা হয়েছে। এক. সংবিধানের ৪৫ ও ১৫২ অনুচ্ছেদে আইনশৃঙ্খলা বাহিনীর আইন সমুন্নত রাখার বিষয়। দুই. দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সুশৃঙ্খলতা রক্ষা করা এবং তিন. দোষ স্বীকার করে সময় সাশ্রয় করে আদালতকে সহায়তা করা ও ঘটনায় অনুতপ্ত হওয়ার বিষয় বিবেচনায় আনা।রায় ঘোষণা শেষে বিচারক নেমে গেলে কাঠগড়ায় আসামিরা হইচই শুরু করেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। সাজাপ্রাপ্ত লুত্ফর রহমানের স্ত্রী ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমার স্বামী ন্যায়বিচার পাননি। আদালত আসামির কথা শুনতে চাননি। আমার স্বামী নির্দোষ। ঘটনার দিন কোয়ার্টার গার্ডে ডিউটি ছিল তাঁর। তিনি কোনো গুলি করেননি।’সাজাপ্রাপ্ত সিপাহি আবদুল করিমের ভাই আবদুল কাইউম বলেন, ‘কুলাউড়া থেকে এসে চার দিন অপেক্ষা করেও ভাইয়ের দেখা পাইনি। আমরা ন্যায়বিচার পাইনি।’সরকারি কৌঁসুলি ছিলেন ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল হক। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই রায়ে ন্যায়বিচার পেয়েছি। একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য এমন রায় প্রয়োজন ছিল।’পাঁচ আসামির আইনজীবী রফিকউদ্দিন আহম্মেদ বলেন, বিডিআর আইনে সাক্ষীকে জেরা করার সুযোগ ছিল না। শুধু আসামিকে সহযোগিতা করেছি। পূর্ণাঙ্গ রায়ের কপি না পেলে প্রতিক্রিয়া জানাতে পারছি না।’সরকারি কৌঁসুলি মোশারফ হোসেন বলেন, এ রায়ের ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই রায়ের দিকে পুরো দেশ তাকিয়ে ছিল। এটা বিডিআরের সর্বোচ্চ আদালত। এই আদালতের রায়ের বিরুদ্ধে কোনো আদালতে আপিল বা রিট করার সুযোগ নেই।মামলার অভিযোগ: মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনে ১০(১) ধারায় শৃঙ্খলাভঙ্গ ও বেআইনিভাবে কোত/ম্যাগজিন খুলে অস্ত্র ও গোলাবারুদ হাতে তুলে নিয়ে মহাপরিচালকের ছবি পোড়ানোর মাধ্যমে বিজয় উল্লাস, পাগলা ঘণ্টা বাজানো, সেনা কর্মকর্তাদের উদ্দেশে মিথ্যা অভিযোগ, বেসামরিক জনবসতিসংলগ্ন এলাকায় গুলি করে ত্রাস সৃষ্টি করে প্রাণনাশের মতো আশঙ্কাজনক পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।