২৯ এপ্রিলের মধ্যে মুক্তিযোদ্ধাদের প্রাথমিক তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ এপ্রিলের মধ্যে মুক্তিযোদ্ধাদের প্রাথমিক তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন।আজ বুধবার সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সংসদের নির্বাচন কমিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিমান ও পর্যটন সচিব এবং মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন কমিশনার শফিক আলম।নির্বাচন কমিশনার বলেন, সরকার মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন করতে বদ্ধপরিকর। মুক্তিবার্তা ও গেজেটে যে মুক্তিযোদ্ধাদের নাম থাকবে, এ নির্বাচনে তাঁরাই ভোট দিতে পারবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ৫ এপ্রিল কমিশনের কাছে মুক্তিযোদ্ধাদের তালিকা জমা দিয়েছে। আগামী সপ্তাহে (১২ এপ্রিল) এ তালিকা জেলা প্রশাসকদের কাছে সরবরাহ করা হবে। তালিকায় কোনো কোনো নাম অসংখ্যবার ভিন্ন ভিন্নভাবে এসেছে। তাই তালিকায় যে নাম দুই-তিনবার এসেছে, তা চিহ্নিত করা হবে। এ ছাড়া শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের নাম চিহ্নিত করবেন জেলা প্রশাসকেরা।মাঠপর্যায়ে ভোটার তালিকা প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগপত্র দেওয়া হবে ১২ এপ্রিল। ১৩ এপ্রিল থেকে নির্বাচন কমিশনের সদস্যরা বিভাগীয় শহরগুলোতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে ভোটার তালিকা প্রণয়নে মতবিনিময় সভা করবেন।নির্বাচনের ব্যাপারে ‘ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন পরিচালনা নির্দেশিকা’ নামে একটি বই ওয়েবসাইেটে দেওয়া হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা : (www.molwa.gov.bd)।উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন করতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এরই মধ্যে কমিশন ১১টি সভা করেছে।