২৯ জুন সারা দেশে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
২৯ জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটক মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া সম্পূরক অভিযোগপত্রে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে আসামি করার প্রতিবাদে দলটি এই কর্মসূচি দিয়েছে।আজ সোমবার বিকেলে রাজধানীর বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি দেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। এই অভিযোগপত্রকে তিনি প্রত্যাখ্যান করে বলেন, এটি সাজানো অভিযোগপত্র। এর কোনো ভিত্তি নেই।আজহারুল ইসলাম বলেন, সরকার ৪০ মাস ধরে অনেক গবেষণার পর হঠাত্ আবিষ্কার করেছে এই ঘটনায় নিজামী জড়িত। এর আগের দেওয়া দুটি অভিযোগপত্রে নিজামীর নাম ছিল না বলে তিনি জানান।জামায়াতের নেতা আজহারুল প্রশ্ন করে বলেন, ১৭ মাস সময় নিয়ে এত দীর্ঘ তদন্তের পরও কেন অস্ত্র পরিবহনকারী জাহাজ ও শিপিং এজেন্টের পরিচয় এবং অস্ত্র আমদানির নেপথ্য নায়কদের চিহ্নিত করা হলো না। এর থেকে প্রমাণিত হয় প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে নিজামীসহ কিছু নির্দিষ্ট রাজনৈতিক নেতাকে হেনস্তা করাই তাদের উদ্দেশ্য।সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান, দলের সাংসদ হামিদুর রহমান আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।