২৯ টাকা দরে চাল কিনছে সরকার
সরকার অভ্যন্তরীণ বাজার থেকে ২৯ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন চাল কিনবে। গত বছর এই মৌসুমে সরকার ২৮ টাকা কেজি দরে চাল কিনেছিল। এবার কেজিপ্রতি ধানের উৎপাদন খরচ ৩০ টাকা পড়েছে বলে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।আগামী রোববার থেকে চাল সংগ্রহের অভিযান শুরু হবে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার খাদ্যসচিব বরুণ দেব মিত্র সাংবাদিকদের কাছে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।গত বুধবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চাল কেনার সিদ্ধান্ত হলেও দর নির্ধারণ নিয়ে ভিন্নমত দেখা দেয়। কৃষি মন্ত্রণালয় প্রতি কেজি চাল ৩২ টাকা নির্ধারণের প্রস্তাব করে। কিন্তু খাদ্য মন্ত্রণালয় ২৮ থেকে ৩০ টাকার মধ্যে এই দাম রাখার প্রস্তাব করে। শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা বলে বৈঠক শেষ করা হয়।বুধবার রাতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্যমন্ত্রী ফারুখ খান বৈঠক করেন। এই বৈঠকে দাম চূড়ান্ত করা হয়। জানা যায়, ক্রেতাদের কথা ভেবে দাম কম রাখার পক্ষে সিদ্ধান্ত হয়। যদি বাজার থেকে খাদ্য সংগ্রহ সম্ভব না হয়, সে ক্ষেত্রে বিদেশ থেকে আমদানির পথ খোলা রেখেই চাল সংগ্রহের দিকে নজর রাখতে বলেন প্রধানমন্ত্রী।