২৯ দিনের রিমান্ডে তানভীর
বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে গতকাল সোমবার চারটি মামলায় ২৯ দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১১টি মামলার মধ্যে তিনটিতে তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক তুষার আহমেদকে ২৪ দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এ ছাড়া পল্লবী থানায় র্যাবের করা অস্ত্র মামলায় তানভীরকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।আদালতে উপস্থাপনের আগে তানভীর মাহমুদ ও তুষার আহমেদকে নেওয়া হয় দুদক কার্যালয়ে। সেখানে প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। দুদক সূত্র জানান, গতকালের জিজ্ঞাসাবাদে তানভীর স্বীকার করেছেন, পুরো অর্থ লোপাটের বিষয়টি পরিকল্পনামাফিক এবং ‘অনিয়মের’ মাধ্যমেই হয়েছে। গত শনিবার রাতে সাভারে হলমার্ক গ্রুপের স্থাপনায় এক দফা ব্যর্থ অভিযানের পর রোববার রাত সাড়ে নয়টার দিকে মিরপুর এলাকার একটি বাসা থেকে তানভীর ও তাঁর ভায়রা তুষারকে গ্রেপ্তার করে র্যাব। তানভীরের কাছে চারটি গুলি, একটি ম্যাগাজিনসহ একটি অবৈধ পিস্তল পাওয়া যায়। গ্রেপ্তারের পর তাঁদের মিরপুরের পাইকপাড়ায় র্যাব-৪-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে দুদক প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়। পাইকপাড়ায় র্যাবের কার্যালয় থেকে তাঁকে নিয়ে আসা হয় রমনা থানায়। এই থানাতেই দুদক তানভীরসহ ২৭ জনের বিরুদ্ধে এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা করেছে। এ ছাড়া রোববার রাতে র্যাব পল্লবী থানায় তানভীরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে একটি মামলা করেছে। এরপর গতকাল সাভার থানায় র্যাব ও পুলিশের ওপর হামলার অভিযোগে তানভীর ও তুষারের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।র্যাব ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে গতকাল সাভার থানায় তানভীর মাহমুদ, তুষার আহমেদসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা করেন র্যাব-৪-এর সাভার ক্যাম্পের ডিএডি মিজানুর রহমান। মামলার বিবরণীতে বলা হয়, তানভীর মাহমুদ ও তুষার আহমেদকে ধরতে গত শনিবার রাতে র্যাব ও পুলিশ সাভারের হেমায়েতপুরে হলমার্কের স্থাপনায় অভিযান চালায়। এ সময় ওই প্রতিষ্ঠানের লোকজন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করেন। পরে তানভীর ও তুষারের উসকানিকে অন্তত ৬০০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় পুলিশের উপপরিদর্শক (সশস্ত্র) কামাল হোসেন, আনসারের প্লাটুন কমান্ডার নুরুল আমিন ও হাবিলদার আবদুল হাই আহত হন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, র্যাবের করা অস্ত্র মামলার তদন্তে পুলিশ ও র্যাব যৌথভাবে তানভীর মাহমুদকে জিজ্ঞাসাবাদ করবে।দুদকে তানভীর: গতকাল দুদকের জিজ্ঞাসাবাদের সময় তানভীর মাহমুদ নতুন অনেক তথ্য দিয়েছেন বলে দুদক সূত্র জানায়। এর আগে দুদকের কার্যালয়ে তিনি এসেছিলেন নম্বরবিহীন গাড়িতে। সে সময় অর্থ নেওয়ার কথা স্বীকার করলেও সহায়তাকারীদের নাম বলেননি। আর গতকাল তিনি দুদকে এসেছেন হাতকড়া পরে। এ সময় তিনি কী ধরনের অনিয়মের মাধ্যমে এবং কীভাবে সোনালী ব্যাংকের অর্থ হলমার্কের হিসাবে পাঠানো হয়েছে, এর সঙ্গে কারা কারা জড়িত, তা জানিয়েছেন। এ ছাড়া সরকারি-বেসরকারি পর্যায়ের কোন কোন ব্যক্তি হলমার্কের এ কাজের সঙ্গে জড়িত, সে বিষয়েও মুখ খুলেছেন তিনি।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এসব তথ্য প্রথম আলোকে জানান। দুদক সূত্র জানায়, গতকালের জিজ্ঞাসাবাদে তানভীর স্বীকার করেছেন, পুরো অর্থ লোপাটের বিষয়টি পরিকল্পনামাফিক এবং ‘অনিয়মের’ মাধ্যমেই হয়েছে। ব্যাংকের উচ্চপর্যায়ের যেসব কর্মকর্তা তাঁকে সরাসরি সাহায্য করেছেন, তাঁদের নামও তানভীর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তানভীরের মতোই কথা বলছেন তুষার আহমেদ। তিনি অবশ্য সব দোষ তানভীরের ওপর চাপিয়েছেন।দুদকের জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে নিয়ে যান দুদকের তদন্ত দলের প্রধান ও জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীসহ ছয় সদস্য।উপপরিচালক মীর জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, আসামিদের রমনা থানায় নিয়ে যাওয়া হবে। কারণ, দুদকে কোনো জেলহাজতের ব্যবস্থা নেই। তবে পরবর্তী জিজ্ঞাসাবাদ দুদকেই করা হবে।আদালত প্রাঙ্গণ: গতকাল দুদক তানভীর ও তুষারকে আদালতে হাজির করে ১১টি মামলায় (প্রতি মামলায় ১০ দিন করে) মোট ১১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, ১১ মামলার মধ্যে তিনটি মামলায় রিমান্ড শুনানির পর বাকি মামলায় পরে শুনানি করবেন। এই তিন মামলায় আদালত ওই দুজনকে ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।হলমার্কের পক্ষে শুনানি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি মোহাম্মদ আলী, আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক যথাক্রমে কাজী নজিবউল্লাহ ও আলী হোসেন। আর দুদকের পক্ষে শুনানি করেন মোশাররফ হোসেন। তাঁকে সহায়তা করেন মীর আলী আহমদ, কবীর হোসেন, মাহমুদ হোসেন ও রফিকুল ইসলাম।তানভীর মাহমুদের পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, তানভীর মাহমুদ যথাযথ নিয়মে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। তিনি ঋণের টাকা পরিশোধ করবেন। আসামির বিরুদ্ধে যে অভিযোগ, তা দেওয়ানি আইনের প্রকৃতি। সেখানে দুদক কীভাবে এ মামলা করল? এই মামলায় রিমান্ড চাওয়ার মতো কোনো উপাদান নেই। হলমার্কের আইনজীবীরা আরও বলেন, দুদকের মামলায় রিমান্ডে নেওয়ার বিধান নেই। কীভাবে, কোথায়, কার কাছে কত টাকা আছে, তা এজাহারে বলা হয়েছে। তাই এই মামলায় রিমান্ড চাওয়ার কোনো উপাদানই নেই।দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, দুদক হলমার্কের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে মামলা করেছে। আসামিরা ব্যাংক থেকে আনোয়ার স্পিনিং মিলস ও ম্যাক্স স্পিনিং মিলসের নামে যে এলসির মাধ্যমে ঋণ নিয়েছেন, সেই কোম্পানিও নেই, এলসিও নেই। আসামি কোথা থেকে টাকা দেবেন? দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ উদ্ধার ও সহযোগী আসামিদের অবস্থান জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত প্রত্যেককে তিন মামলায় আট দিন করে ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এরপর অস্ত্র মামলায় মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পল্লবী থানার পুলিশ। আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) লিয়াকত হোসেন বাদী হয়ে তানভীরের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।হলমার্কের স্থাপনায় পুলিশ: এদিকে, গতকাল ভোর থেকেই বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব অবস্থান নেয় হলমার্ক গ্রুপের আশপাশের এলাকায়। প্রতিষ্ঠানের ভেতরে টহল দেয় গোয়েন্দা ও শিল্প পুলিশের একাধিক দল।সাভার থানা সূত্র জানায়, হলমার্কের শ্রমিকেরা রাস্তায় নেমে যেন কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে জন্য ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে তেঁতুলঝড়া স্কুল অ্যান্ড কলেজ মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে অন্তত ৫০০ পুলিশ মোতায়েন রাখা হয়। হলমার্কের ভেতর থেকে গোয়েন্দা সদস্যরা পরিস্থিতি জানাচ্ছিলেন। বাইরে ছিল পুলিশের অবস্থান। গতকাল সকাল আটটার মধ্যে হলমার্কের শ্রমিকেরা কারখানায় প্রবেশ করেন। উৎপাদন বন্ধ থাকায় বেলা তিনটার দিকে বেশির ভাগ শ্রমিককে ছুটি দেওয়া হয়। বাকিদের ছুটি দেওয়া হয় বিকেল সাড়ে পাঁচটার দিকে।শ্রমিকেরা জানান, তিন মাস ধরে তেমন কাজ না থাকলেও তাঁদের বেতন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু গত সেপ্টেম্বর মাসের বেতন তাঁরা এখনো পাননি। ১০ অক্টোবরের মধ্যে বেতন না পেলে তাঁরা আন্দোলনে যাবেন বলে জানান।শাস্তির দাবি করেছেন ব্যবসায়ী নেতারা: হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক গ্রেপ্তার হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা। গতকাল রোববার পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান ব্যবসায়ীরা। এতে স্বাক্ষর করেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। বিবৃতিতে আরও স্বাক্ষর করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসিফ ইব্রাহিম, মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমজাদ খান চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুরশেদ মুরাদ ইব্রাহিম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি শামসুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. খলিলুর রহমান, বিজিএমইএর সভাপতি মো. শফিউল ইসলাম, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলামিন। বিবৃতিতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কঠোর তদারকির ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান ব্যবসায়ীরা। এতে আরও বলা হয়, দেশের ব্যবসায়ী সংগঠনগুলো ব্যাংকিং খাতের শৃঙ্খলা আনতে সব সময় সরকারকে সহযোগিতা ও সমর্থন করে আসছে। আর্থিক ও ব্যাংকিং খাতে যারা বিশৃঙ্খলা এবং পরিবেশ বিনষ্ট করছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কতিপয় অসাধু ব্যবসায়ীর এ ধরনের অনৈতিক ও অসাধু কর্মকাণ্ডকে ব্যবসায়ী সমাজ কোনোভাবেই সমর্থন করে না।