খালেদার বাড়ি বাড়ি ছাড়ার ৩০ দিনের সময়সীমা কাল শেষ আদালতে ঢুকতে দেওয়া হয়নি সাংবাদিকদের
২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি
ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিলের (আপিলের অনুমতির আবেদন) শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ খালেদা জিয়ার কৌঁসুলির মুলতবি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে হাইকোর্ট রায় দিয়েছিলেন। ওই রায়ে তাঁকে বাড়ি খালি করতে কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এ রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে খালেদা জিয়া আবেদন করেন ৮ নভেম্বর। বাড়ি ছাড়ার জন্য দেওয়া ৩০ দিনের সময়সীমা ১২ নভেম্বর শেষ হচ্ছে। হাইকোর্টের রায়ের ওপর গতকালও স্থগিতাদেশ দেওয়া হয়নি।দুই পক্ষের বক্তব্য: আদালত থেকে বেরিয়ে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের রায়ের ওপর আপিল বিভাগ কোনো স্থগিতাদেশ দেননি। তাঁরা (খালেদার আইনজীবীরা) স্থগিতাদেশের জন্য আজ (বুধবার) কোনো প্রার্থনা করেননি।’ হাইকোর্টের রায় বাস্তবায়ন প্রশ্নে তিনি বলেন, আইন তার নিজের গতিতে চলবে। বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা যাবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে আপিল বিভাগের আদেশ না দেখে আমি এখন কিছু বলতে পারছি না।’খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান সাংবাদিকদের বলেন, শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। তাই এ সময় পর্যন্ত রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে।শুনানির আগে: খালেদা জিয়ার বাড়ি নিয়ে আপিল আবেদনটি গতকাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকায় ৫ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। এ উপলক্ষে সকাল আটটা থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। সুপ্রিম কোর্টের সীমানায় প্রবেশের সময় তল্লাশি চালানো হয়। এ ছাড়া আদালতের প্রতিটি প্রবেশমুখে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। প্রবেশের সময় আইনজীবী, বিচারপ্রার্থী ও গণমাধ্যমের কর্মীদের পরিচয়পত্র দেখাতে হয়। তবে শুনানির আগে ও শুনানিকালে প্রধান বিচারপতির এজলাসে গণমাধ্যমের কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে আধা ঘণ্টা কলম বিরতি পালন করেছেন ল’ রিপোর্টার্স ফোরামের সদস্য ও গণমাধ্যমের কর্মীরা। পরে সাধারণ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা সাংবাদিকদের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন।গতকালের শুনানি: আদালতে উপস্থিত আইনজীবীরা জানান, সাড়ে নয়টার দিকে শুনানি শুরু হয়। প্রায় ১০ মিনিটের মতো শুনানি হয়। শুনানিতে টি এইচ খান নিজের অসুস্থতা ও এ মামলায় নিয়োজিত অন্যতম আইনজীবী রফিক-উল হকের বিদেশে অবস্থানের বিষয়টি আদালতের সামনে তুলে ধরে শুনানি মুলতবির আরজি জানান। আদালত বলেন, ‘এ আবেদন চেম্বার বিচারপতির আদালতে গতকাল (মঙ্গলবার) করা যেত।’ টি এইচ খান বলেন, চেম্বার বিচারপতির আদালতে ৩-৪ জানুয়ারি লিভ টু আপিলের শুনানির দিন নির্ধারণের আবেদন জানানো হয়েছিল। হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতও চাওয়া হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৬০ দিন সময় পাওয়া যায়। এ সময়সীমার সঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার সময়ও যোগ হয়। এ হিসাবে ২০ ডিসেম্বর আপিল করার শেষ দিন। টি এইচ খান বলেন, ৬০ দিনের বিষয়টি বিবেচনায় না এনে হাইকোর্ট বাড়ি ছেড়ে দিতে ৩০ দিন সময় দেন। এ হিসাবে কাল ৩০ দিন শেষ হচ্ছে। আদালত টি এইচ খানের উদ্দেশে বলেন, ‘আপনি শুনানি মুলতবির আবেদন জানিয়েছেন?’ জবাবে টি এইচ খান আদালত খোলার পর জানুয়ারি (৩ জানুয়ারি) পর্যন্ত শুনানি মুলতবির আরজি জানিয়ে বলেন, এটা কোনো অবাস্তব প্রার্থনা নয়।দুই আইনজীবীর ব্যক্তিগত কারণে শুনানি মুলতবির আবেদন জানানো হয়েছে উল্লেখ করে আদালত এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেলকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এ মামলায় হাইকোর্টে খালেদার পক্ষে জ্যেষ্ঠ তিন আইনজীবী শুনানি করেছিলেন। তাঁদের মধ্যে রফিক-উল হক মাত্র এক দিন বক্তব্য দিয়েছেন। মওদুদ আহমদ বিস্তারিত বক্তব্য দেন। আদালতে তিনি উপস্থিত আছেন।’অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘এ মামলার শুনানি নিয়ে আদালত প্রাঙ্গণসহ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার হাজার হাজার নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছেন। আইনজীবীদের ব্যক্তিগত কারণে শুনানি মুলতবি করতে চাইলে আদালত তা করতে পারেন। কিন্তু রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়া হলে আমার জোরালো আপত্তি আছে।’ আদালত বলেন, আবেদনকারীর পক্ষে রায় স্থগিতের জন্য কোনো আবেদন জানানো হয়নি। এ পর্যায়ে ২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।এর আগে শুনানির শুরুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন আদালত কক্ষে আইনজীবীদের প্রবেশে বাধা দেওয়ার বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন। প্রধান বিচারপতি তাৎক্ষণিক সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ডেকে আইনজীবীদের প্রবেশে বাধা না দিতে নির্দেশ দেন।গণমাধ্যমের প্রবেশে বাধা: বাড়ি নিয়ে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানিতে গতকাল আপিল বিভাগে গণমাধ্যমের কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি। সকাল সাড়ে আটটা থেকে বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা মামলার শুনানির সংবাদ সংগ্রহ করতে এজলাস কক্ষের সামনে জড়ো হন। তবে এজলাস কক্ষে প্রবেশের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে অপারগতা জানানো হয়। বিভিন্ন ফটকে কর্তব্যরত পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ‘এ বিষয়ে নিষেধ আছে। আপনারা ভেতরে যেতে পারবেন না। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’ তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশরাফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনারা একটু ধৈর্য ধরুন।’এদিকে এজলাসে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে কর্তব্যরত গণমাধ্যমের কর্মীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ও হাইকোর্ট ভবনের সংযোগ সেতুর মুখে অবস্থান নিয়ে সাড়ে নয়টা থেকে ১০টা পর্যন্ত কলম বিরতি পালন করেন।দুপুরে এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশে অতীতে বাধা ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতেও থাকবে না। সাংবাদিকেরা যাতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি রেজিস্ট্রারকে নির্দেশ দেন।রেজিস্ট্রার আশরাফুল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, সাংবাদিকেরা যাতে নির্বিঘ্নে ও যথাযথভাবে কাজ করতে পারেন, সে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, সরকারকে বিব্রত করতে এটা কোনো ষড়যন্ত্রও হতে পারে। সাংবাদিকদের দায়িত্ব পালনে যাতে বাধা দেওয়া না হয়, সে বিষয়ে তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন। এ মামলার আগামী শুনানিতে সাংবাদিকেরা যাতে কোনো বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। তবে সাংবাদিক পরিচয়ে অন্য কেউ যাতে আদালতে প্রবেশ করতে না পারে, সে জন্য সাংবাদিকদের একটি তালিকা রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি।বিভিন্ন সংগঠনের প্রতিবাদ: আপিল বিভাগে প্রবেশ করতে না দেওয়ায় ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি স্বপন দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আলতাফ মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়েনের সভাপতি শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক আবু জাফর এ ঘটনার তীব্র নিন্দা জানান।বিএফইউজের অন্য অংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম এ আজিজ, ডিইউজের অন্য অংশের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইনও এ ঘটনার নিন্দা জানান।