কারাবন্দী বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ২৯ নেতাকে কাশিপুরের তিনটি কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে জায়গার অভাবে আজ শুক্রবার তাঁদের কাশিমপুরে পাঠানো হয়।এই ২৯ জনের মধ্যে বিশেষ মর্যাদায় (ডিভিশন) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির সভাপতি অলি আহমদ, বিএনপির স্বনির্ভর-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, বিজিপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দুই নম্বর কারাগারে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহকে এক নম্বর কারাগারে পাঠানো হয়। বিকেল সাড়ে পাঁচটায় তাঁরা কারাগারে পৌঁছান।আর ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি সফিউল আলম প্রধান, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম আলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী সোহেল, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, এস এম জাহাঙ্গীর হোসেনসহ ২২ জনকে কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল কারাগারে রাখা হয়েছে। বেলা আড়াইটার দিকে একটি প্রিজন ভ্যানে করে তাঁদের কারাগারে নেওয়া হয়।কাশিপুর কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী প্রথম আলো ডটকমকে বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থান সংকটের কারণে এ ২২ নেতাকে কাশিমপুরের তিন কারাগারে পাঠানো হয়েছে।হরতালে তেজগাঁওয়ে গাড়ি পোড়ানোর মামলায় জোটের ৩৩ জন নেতাকে গত বুধবার কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মো. এরফান উল্লাহ।তেজগাঁওয়ে গাড়ি পোড়ানো ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় ১৮ দলীয় নেতাদের জামিনের বিষয়ে ৭ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। ১০ মে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হককে দায়িত্ব দেন প্রধান বিচারপতি।গত ১৩ মে মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চ গাড়ি পোড়ানোর মামলায় তাঁদেরকে ১৬ মের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরের দিন শাহবাগ থানার মামলায় তাঁদের জামিন মঞ্জুর করেন।১৬ মে নিম্ন আদালতে এই ৩৩ নেতা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে এ নেতারা ঢাকা কেন্দ্রীয় কারাগারেই ছিলেন।