ইউনিয়ন পরিষদ (্ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত উপকূলীয় এলাকার ১২টি জেলার ৭২টি উপজেলার ৫৯৬টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা গতকাল বৃহস্পতিবার কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ। মনোনয়নপত্র বাছাই হবে ৬ ও ৭ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ১৩ থেকে ১৮ মার্চ। ভোট গ্রহণ হবে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল।সিইসি জানান, দেশে মোট ইউপির সংখ্যা চার হাজার ৫০৫। এর মধ্যে নির্বাচনযোগ্য ইউপির সংখ্যা চার হাজার ৩০০। এগুলোর মধ্যে প্রথম ধাপে ৫৯৬টি ইউপিতে নির্বাচন হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে নির্ধারিত ৭২টি উপজেলার সব কটি ইউপিতেই নির্বাচন হবে। কোন ইউপিতে কবে ভোট গ্রহণ হবে, তার চূড়ান্ত দিন ঠিক করবে স্থানীয় সমন্বয় কমিটি। মনোনয়নপত্র প্রত্যাহারের পর নির্বাচনী প্রচারণার সমান সুযোগ বিবেচনায় নিয়ে নিজ নিজ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার সমন্বয়ে এ কমিটি গঠিত হবে। অবশিষ্ট ইউপিতে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুন পর্যন্ত নির্বাচন হবে।সিইসি আরও বলেন, ইউপি নির্বাচন আইনত নির্দলীয়। দলের ব্যানারে প্রচারণা গ্রহণযোগ্য হবে না। কেউ দলীয় ব্যানারে প্রচারণা চালালে, তাঁর মনোনয়নপত্র বাতিল হবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সমপদমর্যাদার কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। এতে প্রার্থীরা সমান সুুযোগ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হন। নির্বাচনে মিছিল, মিটিং বা শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে পথসভা বা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানো যাবে।যেসব উপজেলার ইউপিতে ভোট গ্রহণ: যে ৭২টি উপজেলার ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, সেগুলো হলো: বরিশালের সদর উপজেলা, বাকেরগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝড়া, হিজলা, মুলাদী ও মেহেন্দীগঞ্জ; পটুয়াখালীর সদর, দুমকী, বাউফল, মির্জাগঞ্জ, কলাপাড়া, গলাচিপা ও দশমিনা; পিরোজপুরের সদর, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, জিয়ানগর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া; বরগুনার সদর, আমতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী; ভোলার সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা; ঝালকাঠির সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া; খুলনার রূপসা, দিঘলিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, তেরখাদা, কয়রা, পাইকগাছা, দাকোপ ও ডুমুরিয়া; সাতক্ষীরার সদর, কলারোয়া, দেবহাটা, শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি ও তালা; বাগেরহাটের সদর, ফকিরহাট, মোল্লাহাট, কচুয়া, চিতলমারী, মোরেলগঞ্জ, রামপাল, মংলা ও শরণখোলা; কক্সবাজারের কুতুবদিয়া, টেকনাফ ও মহেশখালী; লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর এবং নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর।কমিশনের তথ্য অনুযায়ী, এসব উপজেলার ৫৯৬টি ইউপিতে মোট ভোটার সংখ্যা ৮৩ লাখ ৪৮ হাজার ৫১৬। এর মধ্যে নারী ভোটার ৪২ লাখ ৪৭ হাজার ৪৭ এবং পুরুষ ৪১ লাখ এক হাজার ৪৬৯।তফসিল ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও মুহাম্মদ ছহুল হোসাইন, কমিশনের সচিব মোহাম্মদ সাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রসঙ্গত, সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সারা দেশে ইউপি নির্বাচন হয়েছিল।