২৯ মার্চের হরতাল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ মার্চের হরতাল প্রত্যাহার করেছে বিএনপির নেতৃত্বাধীন জোট। গতকাল রোববার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চার দলের বৈঠক শেষে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে গতকাল রাতে চার দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি সবার ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাসী। ২৯ মার্চ হিন্দুধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব আছে। এদিক বিবেচনায় নিয়ে চারদলীয় জোট হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্যস্নান উদ্যাপন কমিটির নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা ২৯ মার্চের হরতাল প্রত্যাহারের জন্য অনুরোধ জানালে খালেদা জিয়া তাঁদের সুবিবেচনার আশ্বাস দেন। এ ছাড়া ব্যবসায়ী সংগঠনগুলোও হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছিল। ২৯ মার্চ বিএনপি জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ এবং ঢাকায় ৩১ মার্চ বিক্ষোভ সমাবেশ করবে। ১২ মার্চে ঢাকায় অনুষ্ঠিত চার দলের মহাসমাবেশ থেকে খালেদা জিয়া হরতালের ঘোষণা দেন। মহাসমাবেশে সরকারের বাধার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।