২৯ মে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘটের হুমকি
২৮ মের মধ্যে নিহত গাড়িচালক বদর আলী বেগ ও আবদুর রশিদের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। অন্যথা, পরের দিন ২৯ মে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট ডাকার হুমকি দিয়েছে সংগঠনটি।আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা। এ সময় গুম হওয়া গাড়িচালকদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলীর নেতৃত্বে বক্তারা এসব দাবি জানান।গত ২১ এপ্রিল গাড়ির ভেতরে গাড়িচালক বদর আলী বেগকে পুড়িয়ে হত্যা, ২২ এপ্রিল হরতাল চলাকালে গাড়িচালক আবদুর রশিদকে পিকেটাররা ধাওয়া করে হত্যা করে। এসব নিয়ে মানববন্ধনে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান বক্তারা।সরকারকে ২৮ মে পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ছাড়া গাড়িচালক আনসার আলী ও আলী আজম নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতা সাদেক আহমেদ, মিল্লাত হোসেনসহ বেসিক ইউনিয়নের নেতারা মানববন্ধনে উপস্থিত ছিলেন।